চীনা পুঁজিবাজারে আশার আলো

অবশেষে আশার আলো দেখল চীনা পুঁজিবাজার। দেশটির প্রধান শেয়ার সূচক সাংহাই সমন্বিত সূচক গতকাল বৃহস্পতিবার ৫ শতাংশ বা ১৫৬ দশমিক ৩ পয়েন্ট বেড়ে প্রায় ৩ হাজার ২৮৪ পয়েন্টে উন্নীত হয়েছে।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের শেয়ারবাজার বুধবার চাঙা হওয়ায় এর প্রভাবে চীনসহ এশিয়া ও ইউরোপের বড় শেয়ারবাজারগুলোতে গতকাল সূচক ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ঊর্ধ্বতন কর্মকর্তা উইলিয়াম ডাডলি নীতিনির্ধারণী সুদহার বাড়ানোর ইঙ্গিত দেওয়ায় এর ইতিবাচক প্রভাব পড়ে সেই দেশের শেয়ারবাজারে। বুধবার ডাউ জোন্স সূচক ৩ দশমিক ৯৭ শতাংশ ও নাসড্যাক ৪ দশমিক ২৪ শতাংশ বৃদ্ধি পায়; যা চার বছরের মধ্যে সর্বোচ্চ। এটিই বিশ্ব শেয়ারবাজারে আশার আলো ছড়িয়ে দেয়।
তবে সময়ের বড় ব্যবধানের কারণে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের গতকালের লেনদেনের খবর জানা যায়নি। কারণ, এই লেখাটি যখন তৈরি করা হচ্ছিল, তখন সেই দেশে মাত্র সকাল হয়।
ইউরোপের সঙ্গেও সময়ের কয়েক ঘণ্টার পার্থক্যের কারণে সকালের দিককার লেনদেনের তথ্য জানা গেছে। সে অনুযায়ী লন্ডনের এফটিএসই ১০০ সূচক ২ শতাংশ বেড়েছে। প্রায় একই হারে বৃদ্ধি পেয়েছে প্যারিসের সিএসি ৪০ ও ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স সূচক।
এশিয়ায় গতকাল জাপানের নিক্কি ২২৫ সূচক ১ দশমিক ১ শতাংশ, হংকংয়ের হ্যাংস্যাং ৩ দশমিক ৬ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোস্পি শূন্য দশমিক ৭ শতাংশ, অস্ট্রেলিয়ায় এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচক ১ দশমিক ২ শতাংশ বেড়েছে।
এদিকে চীনা ধনকুবের ওয়াং জিয়ালিন তাঁর দেশকে জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন কমানোর পরামর্শ দিয়েছেন। চীন দীর্ঘদিন ধরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৭ থেকে ৮ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আসছে, সেটাকে এখন অবাস্তব, কল্পনাপ্রসূত বা উচ্চাভিলাষী বলে মনে করেন জিয়ালিন।
দেশটি এ বছরে ৭ শতাংশের মতো জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে চায়। জিয়ালিন অবশ্য প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৫–৬ শতাংশে রাখার আহ্বান জানান।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে ১৭ নম্বর হচ্ছেন ওয়াং জিয়ালিন। তিনি বর্তমানে এশিয়ার শীর্ষ ধনী।
গত সোমবার চীনের প্রধান পুঁজিবাজার সাংহাই স্টক এক্সচেঞ্জের সমন্বিত সূচক এক ধাক্কায় ৮ দশমিক ৪৫ শতাংশ পড়ে গেলে জিয়ালিনের ২২০ কোটি ব্রিটিশ পাউন্ড বা বাংলাদেশের ২৭ হাজার ৫২২ কোটি টাকার সমান অর্থ গচ্চা গেছে। ওই দিন বিশ্বব্যাপী বড় বড় পুঁজিবাজারে ব্যাপক দরপতন ঘটে, যেটাকে বিশ্ব গণমাধ্যমগুলো ‘ব্ল্যাক মানডে’ বা ‘কালো সোমবার’ বলে চিহ্নিত করেছে। এর আগে ১৯৮৭ সালের ১৯ অক্টোবর সোমবারও বিশ্ব পুঁজিবাজারে বড় ধস নেমেছিল, যা কালো সোমবার নামে পরিচিতি পায়।
সূত্র: বিবিসি, ব্লুমবার্গ