চীনা প্রকল্পের ঠিকাদার ঠিক করবে চীন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের অর্থায়নে বাংলাদেশে যেসব প্রকল্প বাস্তবায়িত হবে, সেগুলোতে ঠিকাদার নিয়োগের পদ্ধতি নিয়ে জটিলতা রয়েছে। চীন তাই এক বছর ধরে নতুন কোনো প্রকল্পে অর্থায়ন করছে না।
তবে ‘অন্তর্বর্তীকালীন ব্যবস্থা’ নাম দিয়ে সমাধানের সাময়িক পথ বের করেছে সরকার। আর সেটি হচ্ছে সরাসরি ক্রয় পদ্ধতি। এ পদ্ধতিতে সরকারের বিশেষ অগ্রাধিকার প্রকল্পের ক্ষেত্রে চীনের অর্থায়নে যেসব প্রকল্প হবে, সেগুলোর ঠিকাদার চীনই ঠিক করে দেবে।
সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ কথা জানান। তিনি অবশ্য অনুমোদনের কথা জানান, বিশদ কিছু বলেননি।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) গতকাল এ-বিষয়ক একটি প্রস্তাব উপস্থাপন করে বৈঠকে। প্রস্তাবে বলা হয়, সীমিত দরপত্র পদ্ধতি চূড়ান্ত হওয়ার পর সরাসরি ক্রয় পদ্ধতি বাতিল করা যেতে পারে।
চীনের সরকারি অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতেই এ যাবৎ ঠিকাদার নিয়োগ হয়ে আসছে। অর্থাৎ, কোনো নমনীয় ঋণ (কনসেশনাল লোন) দিলে প্রকল্প বাস্তবায়নে নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানও ঠিক করছে চীন। কিন্তু সরকারি কেনাকাটা আইন ও বিধির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিষয়টি নিয়ে একসময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি দেখা দেয়। ভবিষ্যতে মামলা হতে পারে বলেও আশঙ্কা করেন কর্মকর্তারা।
অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০১৫ সালের ১২ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে সুপারিশ করা হয়, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান), ২০১০-এর আওতায় এবং পিপিপি মডেলে গৃহীত প্রস্তাবের মতো বিশেষ ক্ষেত্র ছাড়া কোনো প্রস্তাব পরিহার করা সমীচীন হবে। এর কিছুদিন পর ২৫ আগস্ট চীনের বাণিজ্যমন্ত্রীর ঢাকা সফরকালে চীনা সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পে সীমিত দরপত্র প্রক্রিয়ায় ঠিকাদার নিয়োগে উভয় দেশ সম্মত হয়।
গতকালের বৈঠকে উপস্থাপিত সার-সংক্ষেপে এসব তথ্য উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, উভয় দেশ একমত হওয়ার এক সপ্তাহ পর একই বছরের ২ সেপ্টেম্বর চীনা বাণিজ্যমন্ত্রীকে একটি চিঠি দেন অর্থমন্ত্রী। ২৩ নভেম্বর বাংলাদেশের অর্থমন্ত্রীকে ওই চিঠির জবাব দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। জবাবে আবারও চীনা সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পে সীমিত দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগের কথা উল্লেখ করা হয়।
ছয় মাসেও এ বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় এ বছরের ২ মে সীমিত দরপত্রের সম্ভাব্য পদ্ধতি নিয়ে ঢাকায় চীনা দূতাবাসের কাছে মতামত জানতে চায় সরকার। কিন্তু এবার চীন নীরব।
সর্বশেষ এ বছরের ২৮ জুন চীনা দূতাবাস আরেকটি চিঠি দিয়ে সরকারকে জানায়, ২০১৫ সালের ১২ আগস্টের আগে যেসব প্রকল্পে চীনা ঠিকাদার ইতিমধ্যে মনোনীত হয়ে গেছে, সেগুলোর ক্ষেত্রে আগের পদ্ধতিই বহাল থাকুক। বরং ওই তারিখের পরের প্রকল্পগুলোতে সীমিত দরপত্রের মাধ্যমে ঠিকাদার নির্বাচিত হতে পারে।
চীনা দূতাবাসের এমন মনোভাবের পরিপ্রেক্ষিতেই ইআরডি গতকাল প্রস্তাব তুলেছে এবং নীতিগতভাবে অনুমোদন হয়েছে বলে জানা গেছে।
ইআরডি সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত বাংলাদেশকে প্রায় ১০৫ কোটি ডলার ঋণ ও অনুদান দিয়েছে চীন। অবশ্য এর মধ্যে ১০১ কোটি টাকা বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়া হয়েছে। এ ছাড়া চীনের কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করছে।
ক্রয় কমিটি: মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয় এবং এতে অনুমোদিত হয় ৭টি প্রস্তাব। এগুলো হচ্ছে ‘জাতীয় রাজস্ব ভবন নির্মাণ’ প্রকল্পের ১২ তলা ভবন নির্মাণের ভ্যারিয়েশন, রাশিয়া থেকে ৩০ হাজার টন সার আমদানি, বিভিন্ন দেশ থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিমাণ ও প্রিমিয়াম নির্ধারণ ইত্যাদি।