চীনা বিধিনিষেধ পণ্যের পরিবহন ব্যয় বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা সংক্রমণ চীনের সাংহাইতে ঠেকাতে দেওয়া নতুন লকডাউন তথা বিধিনিষেধের কারণে পণ্য সরবরাহের খরচ বৃদ্ধি পাবে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কনটেইনার শিপিং কোম্পানি মার্সক। খবর রয়টার্সের

ডেনমার্কের কোম্পানিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কঠোর বিধিনিষেধের কারণে চীনের বৃহত্তম অর্থনৈতিক কেন্দ্র সাংহাইয়ের অভ্যন্তরে ও বাইরে পণ্যবাহী সেবা ৩০ শতাংশের মতো ব্যাহত হতে পারে। এতে সার্বিকভাবে পণ্য পরিবহনের খরচ বেড়ে যাবে। বিধিনিষেধের কারণে আগামী শুক্রবার পর্যন্ত সাংহাই প্রদেশের গুদামগুলো বন্ধ থাকবে।

প্রায় আড়াই কোটি লোকের শহর সাংহাই চীনের ভারী শিল্পের অন্যতম কেন্দ্র। ভক্সওয়াগন ও জেনারেল মোটরসের (জিএম) মতো বড় কোম্পানির কারখানা আছে এখানে। এ ছাড়া পেট্রোকেমিক্যাল, লোহা, ইস্পাত ও প্লাস্টিকের মতো ভারী শিল্পের সংখ্যাও বেশি এই শহরে। ফলে উৎপাদন কার্যক্রম সীমিত হওয়ায় সরবরাহ ও তেলের চাহিদা কমেছে সাংহাইয়ে।

করোনার নতুন একটি ধরনের সংক্রমণ ঠেকাতে সাংহাইয়ে গত সোমবার থেকে দুই ধাপে ৯ দিনের বিধিনিষেধ জারি করেছে কর্তৃপক্ষ। এ সময় শহরের বাইরে থেকে কারখানা ও প্রতিষ্ঠানে গিয়ে কাজ করা বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে সব ধরনের পরিবহনও। অবশ্য চীন গভীর সমুদ্রবন্দর ও আকাশপথ চালু রেখেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সরবরাহ কোম্পানি এসইকেও লজিস্টিকস জানিয়েছে, বিধিনিষেধের কারণে তারা সাংহাইয়ের পরিবর্তে নিংবো বন্দর দিয়ে পণ্যবাহী কার্গো পরিবহনের চিন্তা করছে। তারা বিমানভ্রমণের খরচ বৃদ্ধিরও আশঙ্কা করছে বলে জানায়।