চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান
চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তাঁদের উদ্দেশে তিনি বলেছেন, ‘বাংলাদেশের ব্যবসায়ীদের সক্ষমতা আছে। তাঁরা আপনাদের সঙ্গে ব্যবসা করতে চান। চীনকে দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়া হবে। আপনারা আসুন, বিনিয়োগ করুন।’
চীনের ১২০ জন ব্যবসায়ীর একটি প্রতিনিধিদল গতকাল বুধবার বাংলাদেশ সফরে এসেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন চীনের উপমন্ত্রী চ্যান হুয়ানহুয়া। রাজধানীর সোনারগাঁও হোটেলে গত রাতে প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এতে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। চীন থেকে বাংলাদেশ ৮০০ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করে। বাংলাদেশ রপ্তানি করে ৮০ লাখ ডলারের পণ্য। তার মানে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ৮০০ কোটি ডলারের বেশি। তিনি জানান, চীন বাংলাদেশকে ৪ হাজার ৭৮২ ধরনের পণ্য রপ্তানিতে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দিয়ে আসছে।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করছে চীন। মুন্সিগঞ্জে পোশাকপল্লি নির্মাণে ২৩০ কোটি ডলার বিনিয়োগ করবে চীনের একটি প্রতিষ্ঠান। এটি বাস্তবায়িত হলে ৫০০ কোটি ডলারের পোশাক রপ্তানি আয় বাড়বে।
এফবিসিসিআই ও চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) যৌথ উদ্যোগে সোনারগাঁও হোটেলে দিনব্যাপী ‘চায়না ঝিজিআন-বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স-২০১৫’ অনুষ্ঠিত হবে।
নৈশভোজে চীনের উপমন্ত্রী চ্যান হুয়ানহুয়া বলেন, বাংলাদেশ অবকাঠামো উন্নয়নে ব্যাপক কাজ করছে। মানুষের জীবনমান উন্নত হচ্ছে। এই বিষয়ে সন্দেহ নেই যে ভবিষ্যতে চীন-বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থা উন্নত হবে। তিনি বলেন, কাল (আজকের সম্মেলনে) দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি ইত্যাদি নিয়ে আলোচনা হবে। আশা করি, এটি সফল হবে।
এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, চীনের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করবেন। এ জন্য বাংলাদেশ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।