চীনা সংস্থার আরবিট্রেটর হলেন মাহবুবুর রহমান

বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহবুবুর রহমান সম্প্রতি চীনের আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য আরবিট্রেশন কমিশনের (সাইটাক) আরবিট্রেটর হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বাংলাদেশ থেকে এ সংস্থার নিযুক্ত একমাত্র আরবিট্রেটর।
মাহবুবুর রহমান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সহসভাপতি এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি ইটিবিএল হোল্ডিংসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান। মাহবুবুর রহমান কর্ণফুলী সার কোম্পানির (কাফকো) পরিচালক এবং জাতিসংঘ সংস্থা এসকাপের ব্যাংককভিত্তিক বিজনেস অ্যাডভাইজরি কাউন্সিল এবং সিউলভিত্তিক এশিয়া ইকোনমিক কমিউনিটি ফোরামের (এসিএফ) পরিচালনা পর্ষদের সদস্য।
সাইটাক বিশ্বের প্রধান স্থায়ী আরবিট্রেশন প্রতিষ্ঠানগুলোর একটি। এটি ১৯৫৬ সালে চীনের কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশনের (সিসিপিআইটি) অধীনে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি সালিসির মাধ্যমে স্বাধীন ও নিরপেক্ষভাবে অর্থনৈতিক এবং বাণিজ্য বিরোধ সমাধান করে।
বিয়াক একটি অলাভজনক প্রতিষ্ঠান। এটি দেশে একমাত্র সরকারি লাইসেন্সপ্রাপ্ত বিকল্প বিরোধ নিষ্পত্তিকারী প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি