চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৭.৭ শতাংশে নেমেছে
এশিয়ার প্রধান ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে চলতি বছরের প্রথম প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৭ দশমিক ৭ শতাংশে নেমে গেছে।জিডিপির প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম হওয়ায় বহির্বিশ্বে আবার দেশটির উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি নিয়ে সংশয় দেখা দিয়েছে।জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) গতকাল সোমবার এ বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের এ তথ্য প্রকাশ করেছে। খবর বাসস ও এএফপির। আগের অর্থাৎ গত বছরের শেষ প্রান্তিকে দেশটিতে প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ৯ শতাংশ। এ ছাড়া অর্থনীতিবিদদের ওপর বার্তা সংস্থা এএফপির পরিচালিত এক জরিপেও চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮ শতাংশে প্রাক্কলন করা হয়েছিল।গত বছরের শেষ দিকে এসে চীনের অর্থনীতি চাঙা হয়ে বিশ্ব অর্থনীতিতে পুনরুদ্ধার-প্রক্রিয়াকে জোরদার করবে বলে পর্যবেক্ষকেরা আশা করেছিলেন। কিন্তু দেশটিতে টানা সাত মাস ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমায় সেই আশা অনেকটা দুর্বল হয়ে পড়ে।সদ্য প্রকাশিত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে বিশ্লেষকেরা গতকাল বলেন, চীনের প্রবৃদ্ধি আরও কমতে পারে এবং নীতিনির্ধারকেরা পরিস্থিতির উত্তরণ ঘটাতে সক্ষম হবে কি না, তা নিয়ে প্রশ্ন আছে।এনবিএস অবশ্য এক বিবৃতিতে বলেছে, ‘দেশের অভ্যন্তরে ও বহির্বিশ্বের অর্থনীতিতে এখন জটিল ও ভঙ্গুর অবস্থা বিরাজ করছে।’ সংস্থাটি আরও জানায়, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ও সরকার ‘স্থিতিশীলতা আনয়নে অঙ্গীকারবদ্ধ।’