চীনে চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৯.৮ শতাংশ
চলতি ২০১১ সালে চীনের অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ৯ দশমিক ৮ শতাংশে প্রক্ষেপণ করা হয়েছে। অন্যদিকে মূল্যস্ফীতি ৩ দশমিক ৭ শতাংশ হবে বলে ওই দেশের সরকার ধারণা করছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল রোববার এ তথ্য পরিবেশন করেছে।এদিকে চায়না একাডেমি অব সায়েন্সেসের বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের শেষ ভাগে গিয়ে চীনের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি বাড়বে। অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির সুবাদে এমনটি ঘটবে বলে তাঁরা মত দেন, যা রাষ্ট্রায়ত্ত চায়না নিউজ সার্ভিস প্রকাশ করে।এদিকে বছরের প্রথম প্রান্তিকে প্রধানত ভোগ্যপণ্যের মূল্য ও বেতন বৃদ্ধির কারণে চীনে কনজ্যুমার প্রাইস ইনডেক্স বা ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বছরের বাকি তিনটি প্রান্তিকে মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমে আসবে বলে সরকার আশা করছে।২০১০ সালে চীনের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ১০ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় বৈশ্বিক অর্থনীতিতে সংকট-মন্দা দেখা দেওয়ার পরবর্তী পরিস্থিতিতে এটিই হলো চীনা জিডিপিতে সর্বোচ্চ হারের প্রবৃদ্ধি। ২০১০ সালে চীনে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে সিপিআই বা ভোক্তা মূল্যসূচক সরকারি প্রক্ষেপণ ছাড়িয়ে ৩ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়। এ বছরের চীন সরকার সিপিআই ৩ শতাংশে প্রাক্কলন করেছিল।অন্য দেশগুলো যেখানে তাদের অর্থনীতিকে চাঙা করতে সংগ্রাম করছে, সেখানে চীন অর্থনীতিতে ধীরগতি ত্বরান্বিত করতে চাইছে। কারণ, দেশটির অর্থনীতিতে এখন একদিকে তারল্যের বন্যা বয়ে চলেছে, অন্যদিকে সম্পদের দাম ও মূল্যস্ফীতি বাড়ছে।গত অক্টোবর মাস থেকে এ পর্যন্ত চীনের কেন্দ্রীয় ব্যাংক দুই দফায় সুদের হার এবং ব্যাংকগুলোর রিজার্ভের পরিমাণও বাড়িয়েছে। ঋণ বিতরণের লাগাম টেনে ধরতেই এ পদক্ষেপ নেওয়া হয়। বিবিসি অবলম্বনে।