চীনে পণ্য রপ্তানিতে উল্লম্ফন

চীনে বাংলাদেশের পণ্য রপ্তানিতে এক বছরের ব্যবধানে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। বিগত অর্থবছরে (২০১৩-১৪) চীনে বাংলাদেশি পণ্য রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ কোটি ৬১ লাখ ডলার। তার আগের বছর (২০১২-১৩) চীনে পণ্য রপ্তানি করে বাংলাদেশের আয় হয়েছিল ৪৫ কোটি ৮১ লাখ ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এই হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত অর্থবছরে চীনে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি প্রায় ৬৩ শতাংশ বেড়েছে। পরিসংখ্যান বিশ্লেষণে আরও দেখা যায় যে চার বছরের ব্যবধানে চীনে বাংলাদেশি পণ্যের রপ্তানি চার গুণের বেশি বেড়েছে।
চীন বাংলাদেশকে প্রায় পাঁচ হাজার পণ্যে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার দিয়েছে। এসব পণ্য বর্তমানে চীনের মোট আমদানির ৬০ শতাংশ। ২০১০ সাল থেকে চীন ক্রমাগত এই সুবিধা বাড়িয়েছে। এসব পণ্যে ৩৫ শতাংশ স্থানীয় মূল্য সংযোজনের শর্তে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হচ্ছে। আর এই সুবিধা দেওয়া হয়েছে এশীয় প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তির (আপটা) আওতায়।
চীনের বাজারে প্রধান রপ্তানি পণ্যগুলো হলো: নিট পোশাক ও ওভেন পোশাক, বস্ত্রসামগ্রী, চামড়া ও চামড়াজত পণ্য, প্লাস্টিক, পাট ও পাটজাত পণ্য।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের পরিচালক মোস্তফা আবিদ খান প্রথম আলোকে বলেন, চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধার প্রায় পুরোটাই ভালোভাবে ব্যবহার করতে পারছে বাংলাদেশ। প্রথম দিকে বাজার বুঝতে সময় লাগে। তাই রপ্তানিও ছিল ধীরগতির। এখন তা দ্রুত ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে। বর্তমানে চীন যে চার হাজার ৮৮৮টি পণ্যে শুল্কমুক্ত বাজারসুবিধা দিচ্ছে, তার আওতায় বাংলাদেশের রপ্তানিযোগ্য প্রায় ৯০ শতাংশ পণ্য রয়েছে।
অবশ্য চীন ভবিষ্যতে সাত হাজার ৮০০ পণ্যে বাংলাদেশকে শুল্কমুক্ত বাজারসুবিধা প্রদানের প্রস্তাব দিয়েছে। এ ক্ষেত্রে অবশ্য স্থানীয় মূল্য সংযোজনের হার বেড়ে হবে ৪০ শতাংশ। তার মানে হলো, আপটার আওতায় বিদ্যমান সুবিধা বাংলাদেশকে ত্যাগ করতে হবে। যেহেতু স্থানীয় মূল্য সংযোজনের হার বেড়ে যাবে, সেহেতু বেশ কিছু পণ্য এই মানদণ্ড পূরণ করতে পারবে না, যা প্রকৃত রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যেমন, ওভেন পোশাকের ক্ষেত্রে ৪০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন কঠিন হতে পারে।
চীনের বাজারে গত অর্থবছর বাংলাদেশের তৈরি পোশাক ও নিট পোশাকের রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
ইপিবির পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১২-১৩ অর্থবছরে যেখানে আট কোটি ৬০ লাখ ডলারের ওভেন পোশাক রপ্তানি হয়েছিল, সেখানে ২০১৩-১৪ অর্থবছরে তা বেড়ে হয়েছে ১৪ কোটি ২০ লাখ ডলার। একইভাবে নিট পোশাকের রপ্তানি পাঁচ কোটি ২৫ লাখ ডলার থেকে বেড়ে হয়েছে নয় কোটি ৯০ লাখ ডলার।
যোগাযোগ করা হলে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, চীন ক্রমেই তৈরি পোশাক উৎপাদন থেকে সরে আসছে। ফলে সেখানকার অভ্যন্তরীণ বাজারে একটি বাড়তি চাহিদা তৈরি হচ্ছে। বাংলাদেশ এখন এই বাজার ধরতে শুরু করেছে। তাই আগামী দিনে চীনে বাংলাদেশের পোশাক রপ্তানি আরও বাড়বে।
হাতেম আরও বলেন, বিশ্বে যেখানে নিট ও তৈরি পোশাকের বাজার এখন ৪৫০ বিলিয়ন (৪৫ হাজার কোটি) ডলারের, সেখানে শুধু চীনের অভ্যন্তরীণ বাজারই প্রায় ৩০০ বিলিয়ন (৩০ হাজার কোটি) ডলারের। বাংলাদেশ যেহেতু বিনা শুল্কেই নিট বা তৈরি পোশাক রপ্তানি করতে পারছে, সেহেতু আগামী দিনে এই রপ্তানি আরও বাড়ার সুযোগ রয়েছে।
চীনের বাজারে রপ্তানির ক্ষেত্রে আরেকটু বড় ইতিবাচক দিক হলো, বাংলাদেশি রপ্তানিকারকেরা এই বাজারে প্রবেশের ক্ষেত্রে তেমন কোনো অশুল্ক প্রতিবন্ধকতার সম্মুখীন হন না। এই ধরনের তেমন কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি।
রপ্তানি বাড়লেও চীন থেকে গত অর্থবছরের পণ্য আমদানির পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি। তার পরও ধারণা করা যায় যে আমদানি ৬০০ কোটি ডলারের ওপরে থাকবে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ছয় মাসে চীন থেকে আমদানি হয়েছে ৩৭৬ কোটি ৪৬ লাখ ডলার।
এর আগে ২০১২-১৩ অর্থবছরে চীন থেকে পণ্য আমদানি বাবদ ব্যয় করতে হয়েছে ৬৩০ কোটি ৭০ লাখ ডলার। তার আগে ২০১১-১২ অর্থবছরে এই আমদানি ব্যয় ছিল ৬৪১ কোটি ডলার।
এর ফলে ২০১২-১৩ অর্থবছরে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি ছিল ৫৮৪ কোটি ৯০ লাখ ডলার। আর ২০১১-১২ অর্থবছরে তা ছিল ৬০০ কোটি ৮৪ লাখ ডলার।
চীন বর্তমানে বাংলাদেশের পণ্য আমদানির বৃহত্তম উৎস দেশ। বাংলাদেশের মোট আমদানির ২০ শতাংশই সম্পন্ন হয় চীন থেকে।