চীনে প্রত্যাশার চেয়ে বেশি পণ্য রপ্তানি
চীনে গত আগস্ট মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে; যেটাকে অর্থনীতিতে সাম্প্রতিক সময়ের নিম্নমুখিতা থেকে পুনরুদ্ধারে উত্তরণের লক্ষণ বলে মনে করা হচ্ছে।
আলোচ্য মাসে দেশটিতে রপ্তানিমুখী পণ্যের জাহাজীকরণের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ বেড়েছে। অথচ প্রবৃদ্ধির এই হার সর্বোচ্চ সাড়ে ৫ শতাংশের কাছাকাছি হতে পারে বলে অধিকাংশ বিশ্লেষক ধারণা করেছিলেন।
চীনের উৎপাদন খাতে আগস্টে বিগত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
চৈনিক অর্থনীতির অন্যতম প্রধান দুটি চালিকাশক্তি হলো উৎপাদন ও রপ্তানি খাত। সাম্প্রতিক মাসগুলোতে এই দুটি খাতে প্রবৃদ্ধি অনেকটা শ্লথ হয়ে পড়েছিল; যা এখন আবার ঘুরে দাঁড়িয়েছে। বিশ্লেষকেরা মনে করেন, উৎপাদন ও রপ্তানি খাতের ঘুরে দাঁড়ানোর সুবাদে চীনের অর্থনীতিতে আবার প্রবৃদ্ধির প্রবণতা শুরু হলো।
এদিকে আগস্ট মাসে চীনে পণ্য আমদানি আগের বছরের একই সময়ের চেয়ে ৭ শতাংশ বেড়েছে।তবে এই প্রবৃদ্ধি প্রাক্কলনের তুলনায় কম বলে জানানো হয়েছে। সূত্র: বিবিসি।