চীনে মুঠোফোনসংক্রান্ত আইন কঠোর হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে মুঠোফোনসংক্রান্ত নতুন আইন হচ্ছে। এখন থেকে দেশটিতে গ্রাহকদের মুঠোফোনের সংযোগ নিতে হলে ব্যক্তিগত তথ্যাদি নিবন্ধন করতে হবে। এর সঙ্গে জমা দিতে হবে অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র। এই কাগজপত্রের মধ্যে রয়েছে চীনা নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের কপি ও বিদেশি নাগরিকদের পাসপোর্টের কপি। আজ বুধবার থেকে গোটা চীনে এই আইন বাস্তবায়িত হতে যাচ্ছে। খবর রয়টার্সের।এর পাশাপাশি একজন ক্রেতা একসঙ্গে সর্বোচ্চ ১৮টি নম্বর কিনতে পারবে। চীনে একটি মুঠোফোন সিমকার্ডের মূল্য মাত্র ৫০ ইউয়ান। দেশটিতে মুঠোফোনসংক্রান্ত অপরাধগুলো ঠেকাতে চীনা সরকার এই আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে যাচ্ছে।চীনের অর্থনৈতিক বিষয়ক পত্রিকা চায়না ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন আইনের মাধ্যমে চীনে মুঠোফোনসংক্রান্ত অপরাধ কমে আসবে। নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার্থে এই আইন কার্যকর ভূমিকা রাখবে।বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীন মুঠোফোন সেবার অন্যতম একক বৃহত্তম বাজার। গত জুলাই মাসের হিসাব অনুযায়ী দেশটিতে মুঠোফোন গ্রাহকের সংখ্যা ৭৯৫ মিলিয়ন। সরকারি এক হিসাব অনুযায়ী চীনে একজন মুঠোফোন গ্রাহক প্রতিদিন গড়ে ৪৩টি করে খুদে বার্তা এবং প্রায় একই পরিমাণ কল গ্রহণ করে। সংখ্যাটি গ্রাহকদের জন্য অত্যন্ত বিরক্তিকর সীমায় পৌঁছে যাওয়ায় এটি নিয়ন্ত্রণে সরকার এই আইনটি বাস্তবায়ন করতে যাচ্ছে।