চীনে রপ্তানি নিয়ে ডিসিসিআইয়ের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে রপ্তানি করার কৌশল নিয়ে দেশের ১৫টি প্রতিষ্ঠানের ৩০ জন প্রতিনিধিকে প্রশিক্ষণ দিচ্ছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) সহযোগিতায় আয়োজিত দুই দিনের এ প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার ঢাকা চেম্বারে শুরু হয়েছে।
ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন রশিদ এর উদ্বোধন করেন।
এক বিজ্ঞপ্তিতে ডিসিসিআই জানায়, দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের চীনের বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য জানানো, চীনের বাজারে ভোক্তাশ্রেণি নির্বাচন এবং বাস্তবভিত্তিক আবশ্যকীয় তথ্য সংগ্রহের প্রক্রিয়া বিষয়ে ধারণা প্রদান করাই এ কর্মশালার উদ্দেশ্য।
হুমায়ুন রশিদ বলেন, বিশ্বের দ্রুত বাড়তে থাকা বাজারগুলোর মধ্যে চীন অন্যতম। ধারণা করা হচ্ছে, ২০২০ সালের মধ্যে চীনের বাজারের আর্থিক আকার দুই লাখ কোটি ডলার থেকে বেড়ে ছয় লাখ কোটি ডলারে উন্নীত হবে। তিনি আরও বলেন, চীনের খুচরা বাজার প্রতিবছর ১২ শতাংশ হারে বাড়ছে। যেখানে বাংলাদেশের উদ্যোক্তারা চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত, বস্ত্র, তৈরি পোশাক ইত্যাদি রপ্তানি করতে পারে।
আইটিসির বিশেষজ্ঞ গুলতেকিন ওজালটিনোরদো, লিন লো কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন। ডিসিসিআইয়ের সহসভাপতি খ. আতিক-ই-রাব্বানী, পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।