চীনে শিল্প উৎপাদন নয় মাসের মধ্যে সর্বনিম্ন
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে চলতি আগস্ট মাসে শিল্প উৎপাদন কমে বিগত নয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসেছে।হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।এইচএসবিসির প্রাথমিক জরিপে দেখা গেছে, দেশটিতে চলতি আগস্ট মাসে পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) কমে ৪৭ দশমিক ৮ পয়েন্টে নেমে এসেছে, যা এর আগের মাস জুলাইয়ে ছিল ৪৯ দশমিক ৩ পয়েন্ট।সাধারণত পিএমআই ৫০ পয়েন্টের নিচে নেমে গেলে মনে করা হয়, উৎপাদন খাত সংকুচিত হয়ে উঠছে।বিশ্লেষকেরা অবশ্য বলছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতিকে চাঙা করে তুলতে সরকার প্রচেষ্টা চালালেও তাতে প্রতিষ্ঠানগুলোর আস্থা বাড়েনি।হংকংয়ে এইচএসবিসির কর্মকর্তা কু হংবিন বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও জবস মার্কেট বা চাকরির বাজারে স্থিতিশীলতা আনতে হলে বেইজিং তথা চীনা সরকারকে আগামী মাসগুলোতে নীতিমালা আরও সহজ করে অবকাঠামো খাতে অধিকতর বিনিয়োগ আকৃষ্ট করতে হবে।’এদিকে চীনের কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে ঋণের সুদের হার কর্তন করেছে। পাশাপাশি ব্যাংকগুলোর জন্য যে পরিমাণ রিজার্ভ বা মজুদ সংরক্ষণ রাখার বাধ্যবাধকতা রয়েছে, সেটিও কমিয়েছে; যাতে ঋণপ্রবাহ বাড়ানো ও অর্থনীতিকে চাঙা করে তোলা যায়।এ ছাড়া চীনা সরকার নতুন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে ইতিমধ্যে বেশ কিছু খাতে বেসরকারি অর্থায়ন উন্মুক্ত করে দিয়েছে।তবে অর্থনীতিকে জাগিয়ে তুলতে চীন এখনো সরকারিভাবে ব্যাপক হারে আর্থিক পুনরুদ্ধার প্যাকেজ হাতে নেয়নি। এর আগে চীন ২০০৮ সালের বৈশ্বিক মন্দার সময়ে আর্থিক পুনরুদ্ধার প্যাকেজ নিয়েছিল। এ ধরনের প্যাকেজ নেওয়া হলে ভোগ্যপণ্যের দাম বাড়ে—এমন আশঙ্কা থেকেই এবার দেশটি সেই পথে হাঁটেনি।এদিকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৭.৬ শতাংশে নেমে এসেছে। এটি হলো গত তিন বছরে দেশটির সর্বনিম্ন প্রবৃদ্ধি।এ বছরের প্রথম প্রান্তিকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল ৮.১ শতাংশ। গত মার্চে অবশ্য দেশটি পুরো ২০১২ সালের জন্যই অর্থনৈতিক প্রবৃদ্ধি কাটছাঁট করে সাড়ে ৭ শতাংশে প্রাক্কলন করেছিল।বিশ্বের মোট অর্থনৈতিক উৎপাদনের এক-পঞ্চমাংশই চীনের। যে কারণে দেশটির অর্থনীতিতে প্রবৃদ্ধি কমলে তা বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হয়। বিবিসি অবলম্বনে।