চীনে শ্রমিকদের দূষণজনিত ক্ষতিপূরণ দেবে প্যানাসনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণের কারণে চীনে কর্মরত শ্রমিকদের ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে জাপানি ইলেক্ট্রনিক সামগ্রী নির্মাতা কোম্পানি প্যানাসনিক। আজ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ বিবিসি অনলাইনের এক খবরে জানানো হয়, ধোঁয়াশা চীনের শহরগুলোর সবচেয়ে বড় একটি সমস্যা। এ সমস্যা বিদেশি শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। আর তাই শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে প্যানাসনিক তার শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কতজন শ্রমিক ক্ষতিপূরণ পাবেন এবং কী পরিমাণ অর্থ পাবেন, এ ব্যাপারে বিস্তারিত না জানালেও শ্রমিকদের মূল বেতন দুই হাজার ইয়েন বা ১৯ দশমিক ৫ মার্কিন ডলার পর্যন্ত বাড়ানো হতে পারে।

চীনের শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি নিয়ে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক সভায় দূষণের বিরুদ্ধে ‘যুদ্ধ’-এর ঘোষণা দিয়েছেন। চীন সরকারের এমন ঘোষণার পর প্যানাসনিক শ্রমিকদের দূষণজনিত ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজু আবে জাপানি কোম্পানিগুলোকে শ্রমিকদের বেতন বৃদ্ধির চাপ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে টয়োটা, হোন্ডা ও নিশানও  চলতি সপ্তাহে কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা দেয়।