চীনে সম্পদের ব্যবধান ক্রমেই বাড়ছে
চৈনিক সমাজব্যবস্থায় দিন দিন মানুষে মানুষে সম্পদের ব্যবধান বাড়ছে।এই অবস্থায় দেশটির ক্ষমতাসীন কম্যুনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) শীর্ষস্থানীয় নেতারা আগামী বছরগুলোতে ২০ কোটি মানুষকে দারিদ্র্যের বলয় থেকে বের করে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।সিপিসির নবনির্বাচিত দুই শীর্ষস্থানীয় নেতা ঝি জিনপিং ও লি কেকিয়াং দেশের সবচেয়ে দারিদ্র্যপীড়িত এলাকাগুলো পরিদর্শনকালে এই প্রতিশ্রুতি দেন। এ সময় তাঁরা স্বীকার করেন, বিগত তিন দশকে সফলতার সঙ্গে ৫০ কোটি মানুষের অবস্থার উন্নয়ন ঘটানো হলেও দারিদ্র্য বিমোচনে এখনো চীনের অনেক করণীয় আছে।৫৯ বছর বয়সী ঝি জিনপিং সিপিসির সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে আগামী মার্চে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। সদ্য বিদায়ী ২০১২ সালের ১৪ নভেম্বর তিনি দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি হেবেই প্রদেশের ফুপিং কাউন্টি বা জেলার কিছু গ্রাম পরিদর্শন করেন। ওই সব গ্রামের জনগণের বার্ষিক গড় মাথাপিছু আয় মাত্র ৩৯০ মার্কিন ডলার। অথচ জাতীয়ভাবে চীনের মাথাপিছু গড় আয় তিন হাজার ৪৬১ ডলার।অন্যদিকে ৫৭ বছরের লি কেকিয়াংও সিপিসির সাত সদস্যবিশিষ্ট পলিটব্যুরোর স্থায়ী কমিটির দ্বিতীয় শীর্ষ নেতা নির্বাচিত হয়ে এখন প্রধানমন্ত্রী হওয়ার অপেক্ষায় আছেন। তিনি ওয়েন জিয়াবাওয়ের স্থলাভিষিক্ত হবেন।লি কেকিয়াং স্বায়ত্তশাসিত জেলা এনশি তুজিয়া ও মিয়াওয়ের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন এবং দরিদ্র পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। তিনি বরফ পড়া সংকীর্ণ পাহাড়ি পথ ধরে গ্রামে ছুটে যান ও কৃষকদের সমস্যাগুলো নিয়ে কথা বলেন।কেকিয়াং বলেন, ‘চীনের পশ্চিম ও মধ্যাঞ্চলে ২০ কোটি দরিদ্র মানুষের বসবাস। আমরা যদি একটি সমৃদ্ধ সমাজ গড়তে চাই, তাহলে এই ২০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনাই হবে প্রধান কাজ।’জাতিসংঘের ২০১১ সালে প্রকাশিত সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য প্রতিবেদনে বলা হয়েছে, ১৩০ কোটি মানুষের দেশ চীনে ২০১৫ সাল নাগাদ দারিদ্র্যের হার ৫ শতাংশের নিচে নামবে। সূত্র: ইকোনমিক টাইমস।