চীনে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমেছে
চীনে গত সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি খানিকটা কমে ১ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে, যা এর আগের মাসে ছিল ২ শতাংশ।মূল্যস্ফীতি কমার ফলে চীনের নীতিনির্ধারকেরা এখন অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ বা কর্মসূচি হাতে নিতে পারেন। এ ছাড়া চীন সরকারকে বৈশ্বিক অর্থনীতিতে স্থবিরতার পরিস্থিতিতে মুদ্রানীতি শিথিল করার পদক্ষেপ নিয়ে অভ্যন্তরীণ চাহিদা ও প্রবৃদ্ধি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।গোল্ডম্যান স্যাচস অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান জিম ও’ নেইল বার্তা সংস্থা বিবিসিকে বলেন, ‘চীনে প্রবৃদ্ধি বাড়ানো অপরিহার্য হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘আগের তিন দশকে চীনের অর্থনীতিতে বার্ষিক ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হলেও আগামী এক দশকে তা হচ্ছে না। তবে এখনো দেশটি উচ্চহারে প্রবৃদ্ধি অর্জনের পথে এগিয়ে চলেছে।প্রধান বাজার ইউরোপ ও আমেরিকায় রপ্তানি কমার পাশাপাশি অভ্যন্তরীণ ক্ষেত্রে বিনিয়োগে ভাটা পড়ার কারণে চীনের অর্থনীতির গতি শ্লথ হয়ে পড়ে।সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে চীনের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এটাকে প্রত্যাশার চেয়ে বেশি বলা হলেও এখনো রপ্তানি খাত চাপের মধ্যে রয়েছে বলে মনে করা হচ্ছে।অর্থনীতিতে আবার ভারসাম্য প্রতিষ্ঠা ও টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে চীন এখন অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর দিকে জোর দিয়েছে।সে অনুযায়ী দেশটি অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে অবকাঠামো খাতে ১৫ হাজার কোটি মার্কিন ডলারের প্রকল্প হাতে নিয়েছে।