চীনে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির হার
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল আছে চীনে। জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ। এর আগের দুই প্রান্তিকেও প্রবৃদ্ধির হার একই ছিল। অর্থাৎ, নয় মাস ধরে স্থিতিশীল প্রবৃদ্ধি দেখা যাচ্ছে চীনে।
প্রবৃদ্ধির বর্তমান অবস্থা প্রত্যাশিতই বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো এক বিবৃতিতে জানায়, বর্তমান অবস্থা প্রত্যাশার চেয়ে ভালো। সাড়ে ৬ থেকে ৭ শতাংশের মধ্যে রাখার যে লক্ষ্যমাত্রা ছিল, সেদিকেই যাচ্ছে অর্থনীতি।
চলতি বছর মূলত আবাসন খাতই চীনের অর্থনীতির মূল চালিকা শক্তিতে পরিণত হয়েছে। আজ বুধবার প্রকাশিত পৃথক এক পরিসংখ্যানে দেখা গেছে, আবাসন খাতে বিনিয়োগের হার বছরের প্রথম নয় মাসে আগের বছরের চেয়ে বেড়েছে ৫ দশমিক ৮ শতাংশ।
চীনের অর্থনীতি সারা বিশ্বের আমদানির পরিস্থিতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। পণ্য ও বাণিজ্যিক সেবার দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক চীন। তেলের বাজারে ক্রেতা হিসেবে চীনের বড় একটা ভূমিকা আছে। চীনের অর্থনীতি মন্থর হলে এসব পণ্যের দাম কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।