চীনে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ২ শতাংশে উন্নীত হয়েছে, যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ।আলোচ্য মাসে দেশটিতে লুনার নিউ ইয়ার বা নববর্ষ উৎসব উপলক্ষে, বিশেষ করে খাদ্যপণ্যের চাহিদা তথা দাম বেড়ে যাওয়ায় সার্বিক মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। এই মাসে চীনে খাদ্যপণ্যের দাম বেড়েছে ৬ শতাংশ। খবর বিবিসির।চীনে বরাবরই মূল্যস্ফীতি একটি বড় রাজনৈতিক ইস্যু। যে কারণে নীতিনির্ধারকেরা এ নিয়ে উদ্বেগে রয়েছেন। কারণ, মূল্যস্ফীতি আরও বাড়লে তাঁদের মুদ্রানীতি কঠোর করতে হবে, যা কিনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ব্যাহত করতে পারে।তবে বিশ্লেষকেরা এখনই মুদ্রানীতি কঠোর করার মতো পদক্ষেপ নেওয়ার পক্ষে নন। তাঁদের মতে, চীনে সব সময়ই লুনার নববর্ষ বরণের উৎসব শুরু হলে ভোক্তা পর্যায়ে চাহিদা বেড়ে দ্রব্যমূল্যকে স্ফীত করে।ব্যাংক অব আমেরিকা মেরিল লিঞ্চের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগে থাকলেও এখনই মুদ্রানীতি কঠোর করার উপযুক্ত সময় নয়।এদিকে কোনো কোনো বিশ্লেষক অবশ্য বলেছেন, মুদ্রানীতি শিথিল রাখা হলে এ বছরের শেষার্ধে মূল্যস্ফীতি বাড়বে।অর্থনীতিবিদ ঝ্যাং ঝিউয়েই বলেন, ‘যদি মুদ্রানীতি এখনকার মতো শিথিল থাকে, তাহলে মূল্যস্ফীতি বেড়ে সরকারের সাড়ে ৩ শতাংশ লক্ষ্যমাত্রা অতিক্রম করবে।’ চায়না পিপলস কংগ্রেসে চলতি ২০১৩ সালে মূল্যস্ফীতির এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।