চীনে ১০ হাজার টন চাল রপ্তানি করছে নেপাল
চীনে চাল রপ্তানি করছে নেপাল। দেশটির ৬৫টি প্রতিষ্ঠানকে চীনে ১০ হাজার টন চাল রপ্তানির অনুমতি দিয়েছে নেপাল সরকার। স্থানীয় সংবাদপত্র রিপাবলিকায় গতকাল শনিবার এ বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। খবর বাসস ও সিনহুয়ার।রিপাবলিকার খবরে বলা হয়, নেপালে এ বছর চালের উদ্বৃত্ত উৎপাদন এবং চীনে চালের ব্যাপক চাহিদার কারণে দেশটি থেকে চাল রপ্তানির অনুমতি দেওয়া হলো। অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো টাতোপানি ও রাসওয়া শুল্ক স্টেশন দিয়ে এসব চাল চীনে রপ্তানি করবে।নেপালের কৃষি উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১১-১২ উৎপাদন মৌসুমে আট লাখ ৮০ হাজার টন খাদ্য চাহিদার বেশি উৎপাদিত হয়। আর চালের উৎপাদন বেশি হয় প্রায় তিন লাখ টন।নেপালের বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক নারায়ণ প্রসাদ বিদারি বলেন, ‘রপ্তানিকারকদের আমরা আগে এলে আগে পাবেন ভিত্তিতে রপ্তানির অনুমতি দিয়েছি। তবে শর্ত হলো, রপ্তানি হতে হবে ছয় মাসের মধ্যে।’২০০৮ সালের বিশ্ব খাদ্য মন্দার সময় নেপাল চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।