গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে চীনের প্রবৃদ্ধি। ১৯৯০ সালের পর ২০১৫ সালে এসে চীনের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি নেমেছে ৭ শতাংশে। অথচ ২০১০ সালেও এই প্রবৃদ্ধি ছিল দুই অঙ্কের ঘরে। চীনের প্রবৃদ্ধির এই নিম্নমুখী ধারা সারা পৃথিবীর হিসাব-নিকাশই বদলে দিচ্ছে।
অর্থনীতিবিদ থেকে শুরু করে গবেষক, বিশ্লেষক সবাই এখন নানা হিসাব-নিকাশ কষে বিশ্ব অর্থনীতি নিয়ে আগাম বার্তা দিতে শুরু করেছেন। তাঁদের মতে, চীনের অর্থনীতির শ্লথগতি বিশ্বের অনেক দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। একইভাবে কোনো কোনো দেশের অর্থনীতির জন্য তা সুযোগও তৈরি করবে।
সুইজারল্যান্ডের দাভোসে হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক ফোরাম। সেখানে চীনা অর্থনীতির শ্লথগতিতে বিশ্বের কোন কোন দেশ লাভবান হবে—এ নিয়ে একটি লেখা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, চীনের প্রবৃদ্ধির শ্লথগতির কারণে বাংলাদেশ উপকৃত হবে। বিশেষ করে তৈরি পোশাকের ক্ষেত্রে চীনের বাজারের একটি বড় অংশ বাংলাদেশে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তার কিছুটা প্রভাব বাংলাদেশের পোশাক খাতে পড়তে শুরু করেছে। প্রবন্ধটি লিখেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রধান অর্থনীতিবিদ সাং জিং ওয়াই।
প্রবন্ধটিতে বলা হয়েছে, অর্থনীতির নিম্নমুখী প্রবণতার পাশাপাশি গত ১০ বছরে চীনে শ্রম মজুরি ১০০ শতাংশে বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্ব তৈরি পোশাক বাজারের জন্য চীন কম দামি যেসব পোশাক তৈরি করত, সেখান থেকে সরে এসেছে। অর্থাৎ বিশ্ববাজারের জন্য কম দামের পোশাক তৈরিতে চীনের আগ্রহ কমে গেছে। তবে বিশ্ববাজারে কম দামি পোশাকের চাহিদা কমেনি। তাই বিশ্লেষকেরা বলছেন, কম দামি পোশাকের বাজারের একটি বড় অংশ এখন চীনের পরিবর্তে বাংলাদেশ ও ভিয়েতনামে স্থানান্তরিত হবে। এরই মধ্যে তা শুরুও হয়ে গেছে। এ কারণে বাংলাদেশ ও ভিয়েতনামের অর্থনীতি এ অঞ্চলের মধ্যে দ্রুতগতিতে এগোচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, এরই মধ্যে বিশ্বের তৈরি পোশাকের বাজারে আমাদের হিস্যা বা অবস্থান কিছুটা বেড়েছে। দীর্ঘদিন ধরে বিশ্ব তৈরি পোশাকের বাজারে ৫ শতাংশ ছিল বাংলাদেশের দখলে। সেই ৫ শতাংশের বাজারেই আমরা দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছিলাম। সম্প্রতি তা বেড়ে ৫ দশমিক ০৯ শতাংশ হয়েছে।
গবেষক, অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, চীনের নেতিবাচক প্রবৃদ্ধির সুযোগটা আমরা অবশ্যই নিতে পারি। নেওয়া উচিতও। কিন্তু তার আগে দরকার সুযোগ কাজে লাগানোর সক্ষমতা অর্জন করা।
আহসান এইচ মনসুরের মতে, চীনের অর্থনীতির শ্লথগতির ফলে দুইভাবে বাংলাদেশ লাভবান হতে পারে। প্রথমটি হলো, চীনের তৈরি পোশাকের বাজারের একটি অংশ বাংলাদেশে চলে আসবে। অর্থাৎ কিছু ক্রয়াদেশ চীনের পরিবর্তে বাংলাদেশে আসবে। দ্বিতীয়টি হলো, তৈরি পোশাকসহ অন্যান্য কিছু শিল্প বাংলাদেশে স্থানান্তরিত হতে পারে। এর মধ্যে দ্বিতীয়টিতেই সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশ। কারণ তাতে স্থায়ী বিনিয়োগ বাড়বে। এ ধরনের বিনিয়োগের ফলে কর্মসংস্থানেরও একটি বড় সুযোগ তৈরি হয়।
তবে বিজিএমইএর সভাপতি মনে করেন, পোশাক খাতে বাংলাদেশের যথেষ্ট সক্ষমতা রয়েছে। তাই এ খাতে বিদেশি বিনিয়োগের খুব বেশি দরকার নেই। এর চেয়ে জরুরি হলো দক্ষ মানবসম্পদ গড়ে তোলা। ইতিমধ্যে পরিবেশবান্ধব শতাধিক নতুন কারখানা তৈরি হচ্ছে। কয়েক বছরের মধ্যে সেগুলো উৎপাদনে আসবে। এতে উৎপাদনক্ষমতা আরও বাড়বে।
সিদ্দিকুর রহমান বলেন, এখনো আমাদের পোশাকশিল্পে অনেক বিদেশি উচ্চবেতনে চাকরি করেন। অথচ এখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তৈরি পোশাক খাতভিত্তিক বিষয়ে দক্ষ ও শিক্ষিত মানবসম্পদ তৈরি করা সম্ভব হলে সেটির প্রয়োজন হতো না। পাশাপাশি শ্রমিকদেরও দক্ষতা বাড়ানো দরকার।