চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পঞ্জিকা বছরের (২০১১) শেষ প্রান্তিকে অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর সময়কালে চীনের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার কমে হয়েছে ৮ দশমিক ৯০ শতাংশ। এর ফলে টানা চার প্রান্তিক চীনের প্রবৃদ্ধির হার কমে গেল।গত বছর প্রতি প্রান্তিকে প্রবৃদ্ধি কমে যাওয়ার প্রভাবে শেষ পর্যন্ত বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হারও কমে হয়েছে ৯ দশমিক ২০ শতাংশ। এর আগের বছর (২০১০) চীনের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ১০ দশমিক ৪০ শতাংশ।গতকাল মঙ্গলবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জিডিপির হালনাগাদ উপাত্তগুলো প্রকাশ করে। তাতে এসব পরিসংখ্যান পাওয়া যায়।অবশ্য গত বছরের মাঝামাঝি থেকেই ধারণা করা হচ্ছিল, চীনের প্রবৃদ্ধির হার কমে যাবে। কেননা, বছরে প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছিল যথাক্রমে ৯ দশমিক ৭০ শতাংশ ও ৯ দশমিক ৫০ শতাংশ। আর তৃতীয় প্রান্তিকে এই হার দাঁড়ায় ৯ দশমিক ১০ শতাংশ। শেষ পর্যন্ত সেই ধারণাই সত্য প্রমাণিত হয়েছে।বিশ্লেষকেরা অবশ্য বলছেন, মূল্যস্ফীতি প্রশমনের জন্য গত বছরের মাঝামাঝি থেকে চীনের কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ শুরু করে। সরকারও প্রবৃদ্ধিতে রাশ টানতে পদক্ষেপ নেয়।দুই বছর আগে অর্থাৎ ২০০৯ সালেও চীনের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছিল ৯ দশমিক ২০ শতাংশ। এর আগের বছর এই হার ছিল ৯ দশমিক ৬০ শতাংশ। কিন্তু ২০০৭ সালে চীনের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার রেকর্ড ১৪ দশমিক ২০ শতাংশে উন্নীত হয়। সূত্র: এএফপি।