চীনের উৎপাদন খাত ঘুরে দাঁড়াচ্ছে
চলতি নভেম্বর মাসে চীনের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতের কার্যক্রম বেড়েছে।দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) এক প্রতিবেদনে সম্প্রতি এই তথ্য জানানো হয়েছে।আলোচ্য মাসে দেশটির পারচেজিং ম্যানেজারস সূচক (পিএমআই) খানিকটা বেড়ে ৫০ দশমিক ৪ শতাংশে উঠেছে। পিএমআই সূচক ৫০ অতিক্রম করলে সেটাকে কার্যক্রম বাড়ার লক্ষণ বলে ধরা হয়। ১৩ মাসের মধ্যে এই প্রথম এইচএসবিসির সূচকে চীনের উৎপাদন খাতে কার্যক্রম বাড়ার চিত্র উঠে এসেছে।চীনে এইচএসবিসির প্রধান অর্থনীতিবিদ কু হংবিন জানান, পিএমআই সূচকে উন্নতিটা চীনের অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর প্রবণতা এবং বছর শেষে গতিময়তায় ফেরার লক্ষণই প্রমাণ করে।দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বিগত কয়েক বছর ধরে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাত যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু সাম্প্রতিককালে প্রধান বাজার ইউরো অঞ্চল, আমেরিকা ও জাপানে চাহিদা কমার কারণে চীনের পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ে। এতে সেই দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ধারাটি ব্যাহত হয়। সূত্র: বিবিসি।