চীনের উৎপাদন খাত সংকুচিত
চীনের ম্যানুফেকচারিং বা উৎপাদন খাত সদ্যসমাপ্ত ফেব্রুয়ারি মাসে সংকুচিত হয়েছে।
দেশটির ক্ষুদ্র কারখানাগুলোর ওপর দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) তৈরি করা নতুন পারচেজিং ম্যানেজারস ইনডেক্স বা ক্রয় ব্যবস্থাপকদের সূচক (পিএমআই) কমে ৪৮ দশমিক ৫ পয়েন্টে নেমে এসেছে, যা সাত মাসের মধ্যে সর্বনিম্ন। আগের মাস জানুয়ারিতে এই সূচক ছিল ৪৯ দশমিক ৫ শতাংশ।
অবশ্য চীনা নববর্ষ উদ্যাপনকে পিএমআই সূচক কমার একটি অন্যতম কারণ বলে মনে করা হয়েছিল। কারণ, নববর্ষ উৎসব উপলক্ষে জানুয়ারি মাসের শেষ ও ফেব্রুয়ারির প্রথম দিকে অধিকাংশ কারখানা বন্ধ থাকে এবং শ্রমিকেরা বাড়িতেই অবস্থান করে।
এদিকে চীনা সরকারের আনুষ্ঠানিক পিএমআই সূচকও কমেছে। সাধারণভাবে পিএমআই ৫০ পয়েন্টের ওপরে উঠলে বা থাকলে সেটাকে অর্থনীতিতে সম্প্রসারণ প্রক্রিয়া চলছে বলে মনে করা হয়। আর পিএমআই ৫০ পয়েন্টের নিচে নেমে যাওয়া হলো সংকুচিত হওয়ার লক্ষণ।
চীনের অর্থনীতিতে উৎপাদন খাত হলো অন্যতম চালিকাশক্তি। চীনের প্রধানমন্ত্রী লি কিকিয়াং আশা করছেন চলতি ২০১৪ সালে তাঁর দেশে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৫ শতাংশ। গত ২০১৩ সালে এই হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ। তবে সেই তথ্যের সত্যতা নিয়ে অবশ্য প্রশ্ন ছিল। সূত্র: বিবিসি।