চীনের ঋণে কেনা হচ্ছে ২০০ যাত্রীবাহী বগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের জন্য আরও ২০০ যাত্রীবাহী মিটারগেজ বগি কেনা হচ্ছে। বর্তমানে রেলওয়ের অর্ধেকের বেশি যাত্রীবাহী বগি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে কিংবা হওয়ার পথে রয়েছে। তাই নতুন বগি কেনার জন্য ৯২৭ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি এমজি যাত্রীবাহী কোচ সংগ্রহ প্রকল্প পাস করা হয়েছে। এ প্রকল্পের ৭১৩ কোটি টাকা দেবে চীন সরকার। ২০২০ সালের জুন মাসের মধ্যে এসব যাত্রীবাহী বগি রেলওয়েতে সংযুক্ত হবে।

শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে ১ হাজার ১৬৫টি মিটারগেজ যাত্রীবাহী বগি আছে। এর মধ্যে ৪৫৬টি বগির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। মেকানিক্যাল কোড অনুযায়ী, যাত্রীবাহী বগির স্বাভাবিক আয়ুষ্কাল ৩৫ বছর। এসব বগির সেই মেয়াদ শেষ হয়ে গেছে। এ ছাড়া ১৩৫টি বগির বয়স ৩১ থেকে ৩৫ বছর। এ বগিগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার পথে রয়েছে। এ কারণে নতুন করে যাত্রীবাহী বগি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া গতকালের একনেকে ৫৮৪ কোটি টাকা ব্যয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ২০২০ সালের জুন মাসের মধ্যে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে।

গতকালের একনেকে সব মিলিয়ে ৩ হাজার ৪৮৮ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

গতকালের একনেক সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ১ হাজার ৪০০ কোটি টাকার পল্লী বিদ্যুতায়ন আপগ্রেডেশন প্রকল্প, ৩১৬ কোটি টাকার শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দুর্গাপুর জেলা মহাসড়ককে জাতীয় মহাসড়ক মানে উন্নয়ন; ৯৬ কোটি টাকার ঢাকার আজিমপুরে জুডিশিয়াল কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ; ৫৯ কোটি টাকার সুরেশ্বর খাল পুনঃখনন ও নিষ্কাশন প্রকল্প; ৫৫ কোটি টাকার কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ব্রিজের সন্নিকটে ভূরুঙ্গামারী-মাদারগঞ্জ সড়কপথকে দুধকুমার নদীর ভাঙন হতে রক্ষা, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ থেকে বজরা সিনিয়র মাদ্রাসা পর্যন্ত তিস্তা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প এবং ৫০ কোটি টাকার ঢাকা সেনানিবাসে অবস্থিত প্রয়াস-এর উন্নয়ন ও সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন।