চীনের ছয়টি প্রদেশের অর্থনীতি হবে রাশিয়ার সমান!
চীনের ছয়টি প্রদেশের অর্থনীতি ২০২০ সাল নাগাদ রাশিয়া, কানাডা বা অস্ট্রেলিয়ার অর্থনীতির সমান হয়ে যাবে। চলতি ডিসেম্বরে প্রকাশিত ‘ইনসাইড দ্য গ্রোথ ইঞ্জিন’ শিরোনামের এক প্রতিবেদনে অর্থনৈতিক বিশ্লেষক জিয়াং জিমিং এই ভবিষ্যদ্বাণী করেন।জিয়াং জিমিং বলেন, চীনা অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি অব্যাহত থাকবে আরও অন্তত পাঁচ বছর। ছয়টি প্রদেশের জিডিপি ২০২০ সালে দাঁড়াবে এক ট্রিলিয়নের অধিক; যা রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার সমান। তাঁর প্রতিবেদনে চীনের দ্রুত বিকাশমান প্রদেশগুলো হলো—দক্ষিণাঞ্চলীয় শিল্পসমৃদ্ধ গোয়াংডং, উত্তরাঞ্চলের হিবেই, শানডং, জিয়াংগসু, পূর্বাঞ্চলের ঝেইজিয়াং ও মধ্যাঞ্চলের হিনান।এদিকে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় হংকং ও সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) জিয়াং জিমিংয়ের এই পূর্বাভাসকে ‘রক্ষণশীল’ হিসেবে বর্ণনা করে বলেছেন, আগামী দশকে চীন উন্নত বিশ্বের অর্থনীতির দ্বিতীয় চালিকাশক্তি এবং উন্নয়নশীল দেশগুলোর শীর্ষে অবস্থান করবে।অন্যদিকে বিশ্বব্যাংক আশা করছে, চলতি অর্থবছরে চীনের প্রবৃদ্ধি হবে ১০ শতাংশ। এর পরে ২০১১ সালে প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৮.৭ শতাংশ। যদিও চীন সরকারের হিসাবে পরবর্তী পাঁচ বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা আট শতাংশ হারে। বাসস।