রাজধানীর পূর্বাচল উপশহরে আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র তৈরির জন্য ৬৭৫ কোটি টাকা অনুদান দিচ্ছে চীন। বাণিজ্য কেন্দ্রটির নাম ‘বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র’।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চীনের বাণিজ্যমন্ত্রী গেও হাচেংয়ের সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন।
এ ছাড়া মেডিকেল যন্ত্রপাতি কেনায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কেও ৩৫ কোটি টাকা অনুদান দিচ্ছে চীন। এটির জন্যও আলাদা চুক্তি হয়েছে গতকাল। দুটি অনুদানের মোট পরিমাণ ৭১০ কোটি টাকা।
চুক্তি স্বাক্ষর শেষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আওতাধীন প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী কেন্দ্র তৈরিতে মোট ব্যয় হবে ৭৯৬ কোটি টাকা। অনুদান ছাড়া বাকি টাকা দেবে বাংলাদেশ সরকার। এর মোট আয়তন ৩৩ হাজার বর্গমিটার।
অর্থমন্ত্রী বলেন, আগে সীমিত থাকলেও চীনের সঙ্গে সহযোগিতার সম্পর্ক এখন অনেক প্রসারিত। এটা সুখের খবর।
বিভিন্ন চীনা ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের দূতাবাসের সহায়তায় বিভিন্ন প্রস্তাব নিয়ে এলেও এগুলো চীনা সরকারের প্রস্তাব নয় বলে জানান মুহিত। তিনি বলেন, চীনা প্রস্তাব হচ্ছে সেগুলো, যেগুলো চীন সরকার দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকালের আলোচ্য বিষয়গুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা করেন চীনের বাণিজ্যমন্ত্রী। এ কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যেসব প্রস্তাব দিয়েছিলাম সেগুলোর প্রায় সবগুলোই তারা গ্রহণ করেছে। প্রস্তাবগুলো রেল যোগাযোগ, সেতু নির্মাণ, কর্ণফুলী টানেল নির্মাণ, টেক্সটাইল ও পাট খাত সংশ্লিষ্ট।’
অর্থমন্ত্রী বলেন, বস্ত্র খাতে ৩৫ কোটি ডলার ও পাট খাতে বিনিয়োগের একটি প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। তবে তারা সবচেয়ে বেশি আগ্রহী শিল্পপার্ক স্থাপনে। তবে এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের বিনিয়োগ সবচেয়ে বেশি দরকার আসলে অবকাঠামো খাতে।’
আন্তর্দেশীয় সংযোগ সড়ক নির্মাণের বিষয়েও চীন আগ্রহী বলে জানান মুহিত। তিনি বলেন, ‘আমি তাদের বলেছি, এ-সংক্রান্ত চারদেশীয় (বাংলাদেশ-ভারত-মিয়ানমার-চায়না) একটি প্রস্তাব আমাদের মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।’
এ সংযোগ সড়কের মোট দৈর্ঘ্য হচ্ছে ১৭০ কিলোমিটার। বাংলাদেশ অংশের সংযোগ সড়ক নির্মাণ হয়ে গেলে চীনের সঙ্গে বন্ধুত্বের নিদর্শন হিসেবে ঘুনধুম থেকে মিয়ানমার পর্যন্ত ২৩ কিলোমিটার সড়ক নির্মাণ করে দেওয়া হবে বলে মুহিত তাদের জানান।
অর্থমন্ত্রী আরও বলেন, বৈঠকে চীনা ঋণের সুদের হার কমানো ও শর্ত শিথিল করার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তারা এ ব্যাপারে আশ্বাস দিয়েছে। এ পর্যন্ত চীনের সঙ্গে তিনটি ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে উল্লেখ করে মুহিত বলেন, ‘তিনটির ক্ষেত্রেই ডাউন পেমেন্ট দেওয়ার কথা ছিল। আমরা দিইনি, তারাও কিছু বলেনি।’