চীনের দুই অঙ্কের প্রবৃদ্ধির যুগ শেষ!
চীনে তিন দশক ধরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার দুই অঙ্কে থাকার ধারাটি অবসান হতে যাচ্ছে বলে সে দেশের অর্থনীতিবিদেরা পূর্বাভাস দিয়েছেন।অর্থনীতিবিদদের মতে, এখন থেকে চীনকে তুলনামূলক নিম্ন হারের প্রবৃদ্ধি (৮ শতাংশ) নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। একই সঙ্গে বাণিজ্য-ঘাটতি নিয়ে চলতে হতে পারে।দুই অঙ্কের জিডিপি প্রবৃদ্ধির ওপর ভর করেই চীন বিশ্ব অর্থনীতির দ্বিতীয় স্থানে উঠে এসেছে।চায়নিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সের ভাইস প্রেসিডেন্ট লি ইয়ং গত শনিবার এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন।লির মতে, বিশ্ব মন্দায় চাহিদা কমে যাওয়ার প্রভাবে চীনের রপ্তানিও কমে গেছে। এই পরিস্থিতি মোকাবিলায় চীন অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়ানোর চেষ্টা করছে।লি আরও বলেন, আগামী ১০ বছরে গড়ে চীনের বার্ষিক প্রবৃদ্ধি আট থেকে সাড়ে আট শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।গত তিন দশকে চীনের বার্ষিক গড় প্রবৃদ্ধির হার ছিল ১০ শতাংশের ওপরে। ২০১০ সালে ১০ দশমিক ৪০ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে জাপানকে হটিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির আসনটি নেয় চীন। প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র।তবে এই বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৯ দশমিক ৭০, ৯ দশমিক ৫০ ও ৯ দশমিক ১০ শতাংশ।একই অনুষ্ঠানে চীনের অন্যতম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের উপপরিচালক লিউ শিজিন বলেন, আগামী কয়েক বছর চীনের প্রবৃদ্ধির হার শ্লথ হবে। তবে এই শ্লথ হওয়াটা অবশ্যই ভালো। কেননা, এটি শিল্পায়নের একটি পর্বের সমাপ্তির আভাস দিচ্ছে। সূত্র: ইকোনমিক টাইমস।