চীনের পুঁজিবাজারে ধস অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থামছেই না চীনের পুঁজিবাজারের ধস। সোমবার সাড়ে ৮ শতাংশ দরপতনের পর গতকাল মঙ্গলবার দেশটির পুঁজিবাজারে সূচক কমেছে প্রায় ২ শতাংশ।
চীনের অন্যতম প্রধান পুঁজিবাজার সাংহাইয়ের সমন্বিত সূচক কমে দিন শেষে ৩ হাজার ৬৬৩ পয়েন্টে নেমে গেছে। গত সোমবার এ সূচক ছিল ৩ হাজার ৭২৫ পয়েন্টে।
পুঁজিবাজারকে স্থিতিশীল করতে চীনা সরকার গতিশীল মুদ্রানীতি বাস্তবায়নের ঘোষণা দিলেও তা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারেনি। দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না ৮০৫ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ সরবরাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক অবশ্য বলছে, চীনের অর্থনীতির মূল সূচকগুলো এখন আগের চেয়ে স্থিতিশীল অবস্থায় রয়েছে।
দেশটির পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা চায়না সিকউরিটিজ ফাইন্যান্স করপোরেশন (সিএসএফসি) অস্বাভাবিক লেনদেন থেকে বিরত থাকতে বিনিয়োগকারীদের সতর্ক করে দিয়েছে। সিএসএফসি বলেছে, যেকোনো অস্বাভাবিক লেনদেন তদন্ত করা হবে ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: বিবিসি