চীনের প্রবৃদ্ধি আট শতাংশের নিচে নেমে যাচ্ছে
চলতি বছরে চীনের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা কমিয়ে আট শতাংশের নীচে প্রাক্কলন করা হতে পারে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে গতকাল শনিবার এই তথ্য জানানো হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের নেতারা স্বীকার করে নিচ্ছেন যে তাদের অর্থনীতির গতি শ্লথ হয়ে আসছে।চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বার্ষিক নীতিমালা নিয়ে পার্লামেন্টে বার্ষিক বক্তৃতা প্রদানের প্রাক্কালে সরকারি সংবাদমাধ্যম সাংহাই সিকিউরিটিজ নিউজ এই তথ্য প্রকাশ করল। ওয়েন জিয়াবাও আগামীকাল সোমবার তাঁর বার্ষিক বক্তৃতাটি উপস্থাপন করবেন এবং এতে তিনি দেশের অর্থনৈতিক লক্ষ্যও তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।চীনে গত ২০১১ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় ৯ দশমিক ২ শতাংশ। যা এর আগের ২০১০ সালে ছিল ১০ দশমিক ৪ শতাংশ। তবে ২০১১ সালে চীনের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল আট শতাংশ। তবে ল্যানঝৌ ইউনিভার্সিটির গবেষক ও ন্যাশনাল পিপলস কংগ্রেসের একটি উপদেষ্টা পর্ষদের সদস্য লি গৌঝ্যাং সাংহাই সিকিউরিটিজ নিউজকে বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সমন্বয় করে সাড়ে সাত শতাংশের কিছু কম-বেশি করা হলে তাতে অর্থনৈতিক উন্নয়নে তেমন প্রভাব পড়বে না।চীন ঐতিহ্যগতভাবেই পার্লামেন্টে প্রতি বছর মার্চ মাসের অধিবেশনে তাদের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ঘোষণা করে থাকে।এদিকে অধিকাংশ অর্থনীতিবিদই ধারণা করছেন যে চলতি বছরে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি আট থেকে সাড়ে আট শতাংশ হতে পারে।রপ্তানি কমে যাওয়ার পরিস্থিতিতে চীনা সরকার ঋণ প্রবাহ বাড়াতে ও অর্থনীতিকে চাঙা করতে গত তিন মাসে ব্যাংকগুলোতে রিজার্ভের পর্যাপ্ততা তিন দফা কমিয়েছে।ইনভেস্টমেন্ট ব্যাংক গোল্ডম্যান স্যাচ বলেছে, এ বছরে চীন জিডিপির লক্ষ্যমাত্রা সাড়ে শতাংশে নির্ধারণ করতে পারে।চীন এখন রপ্তানিনির্ভরতা থেকে স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে গুণগত মানসম্পন্ন প্রবৃদ্ধি ও অভ্যন্তরীণ ভোগ বাড়ানোর দিকে আগাচ্ছে।সাংহাই সিকিউরিটিজ নিউজ আরও জানিয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিস্থিতিতে সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে এমন আশংকায় প্রধানমন্ত্রী আগামীকাল সোমবার পার্লামেন্টে তাঁর বক্তৃতায় চলতি বছরে মূল্যস্ফীতি চার শতাংশের নিচে রাখার ঘোষণা দিতে পারেন।সরকারি তথ্য-উপাত্ত অনুযায়ী চীনে ২০১১ সালে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৪ শতাংশ। যা সরকারের গোট বছরের লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৪ শতাংশ বেশি। আলোচ্য বছরে চীনে মূল্যস্ফীতি চার শতাংশে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ২০১০ সালে দেশটিতে মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৩ শতাংশ।