চীনের প্রবৃদ্ধি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২ সালের তৃতীয় প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৭ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। এশিয়ার প্রধান ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতিতে এর আগের প্রান্তিক এপ্রিল-জুনে প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ৬ শতাংশ।রপ্তানি কমে যাওয়ায় মূলত চীনের অর্থনীতিতে প্রবৃদ্ধি কমে। আর প্রধান বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্রে চাহিদা কমার কারণে চীনের রপ্তানি হ্রাস পায়।তবে চীনের অর্থনীতিতে ঘুরে দাঁড়ানো ও স্থিতিশীলতার লক্ষণও রয়েছে। যেটাকে চীনের পাশাপাশি বিশ্বের জন্যও একটি ভালো খবর বলে চিহ্নিত করা হয়েছে। কারণ, সাম্প্রতিক কালে চীনের অর্থনৈতিক বিকাশের ফলে বিশ্বও উপকৃত হয়েছে।ক্রেডিট এগ্রিকোলের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ দারুইসজ কোয়ালিজিক বলেন, ‘চীনের অর্থনীতিতে অব্যাহতভাবে যে মন্থরতা দেখা যাচ্ছিল, সেটির বিদায় নেওয়ার সময় প্রায় এসে গেছে।’ দারুইসজ কোয়ালিজিক আরও জানান, সেপ্টেম্বরে এসে চীনের অর্থনীতিতে গতিশীলতা লক্ষ করা গেছে। এই প্রান্তিকে দেশটির শিল্প উৎপাদন, খুচরা বিক্রি ও স্থায়ী সম্পদে বিনিয়োগের পরিমাণ বার্ষিক হিসাবে বেড়েছে।গতকাল বৃহস্পতিবার চীন মোট দেশজ উৎপাদনসহ (জিডিপি) অর্থনীতির বিভিন্ন খাতের প্রবৃদ্ধির উপাত্ত প্রকাশ করে। এতে দেখা যায় যে গত সেপ্টেম্বরে দেশটিতে আগের বছরের একই সময়ের তুলনায় শিল্প খাতের উৎপাদন ৯ দশমিক ২ শতাংশ ও আগস্টের চেয়ে ৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে।আলোচ্য মাসে খুচরা বিক্রিও আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে ১৪ দশমিক ২ শতাংশ। এ ছাড়া সেপ্টেম্বরে চীনের রপ্তানি আগের বছরের একই মাসের তুলনায় ৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা গত আগস্টে ছিল মাত্র ২ দশমিক ৭ শতাংশ।ইউরোপ-আমেরিকায় চাহিদা কমায় চীনের রপ্তানি ও অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। কারণ, দেশটির প্রধান রপ্তানি বাজার হলো ইউরোপ ও আমেরিকা। এ অবস্থায় চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৭ শতাংশের নিচে নেমে যাওয়া বেকারত্ব বাড়ার আশঙ্কা করছেন কেউ কেউ। সূত্র: বিবিসি