চীনের প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কমে হয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ। প্রথম প্রান্তিকে এই হার ছিল ৭ দশমিক ৭০ শতাংশ। ফলে টানা দুই প্রান্তিক দেশটির প্রবৃদ্ধি নিম্নমুখী হলো।বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির প্রবৃদ্ধির হার শ্লথ হয়ে পড়ায় ইতিমধ্যেই উদ্বেগ দেখা দিয়েছে।কয়েক দিন আগে বার্তা সংস্থা এএফপি ১০ জন অর্থনীতিবিদের মতামত নিয়ে একটি জরিপ পরিচালনা করে চীনের অর্থনীতির ওপর। তাতে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটির প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫০ শতাংশ হবে বলে উঠে আসে।চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস (এনবিএস) জানিয়েছে, এই বছরে প্রথমার্ধের প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ। এনবিএস বলছে, প্রবৃদ্ধির এই পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল। তবে অর্থনীতি জটিল ও যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এর আগে গত বছর চীনের প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৮০ শতাংশ, যা ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। আর গত বছরের শেষ প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। টানা পাঁচ প্রান্তিক ধরে চীনের প্রবৃদ্ধির হার ৮ শতাংশের নিচে রয়েছে। চীনের অর্থমন্ত্রী লৌ জিউয়েই গত সপ্তাহে বলেছিলেন যে এ বছর প্রবৃদ্ধির হার ৭ শতাংশ হবে। যদিও এ বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ।তবে দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার নিম্নমুখী হলেও তা যে তেমন নেতিবাচক নয়, শেয়ারবাজারের আচরণে তাই প্রতীয়মান হয়েছে। সাংহাই সমন্বিত সূচক গতকাল দিন শেষে প্রায় ১ শতাংশ বেড়েছে।এনবিএস গতকাল আরও কিছু তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায় যে বার্ষিক খুচরা বিক্রির পরিমাণ জুন শেষে ১৩ দশমিক ৩০ শতাংশ ও অর্ধবার্ষিক ভিত্তিতে ১২ দশমিক ৭০ শতাংশ বেড়েছে। একই সময়ে শিল্পোৎপাদন বেড়েছে যথাক্রমে ৮ দশমিক ৯০ শতাংশ ও ৯ দশমিক ৩০ শতাংশ।