এ সপ্তাহের সাক্ষাৎকার: সম্প্রতি ঢাকা ঘুরে গেল হংকং অ্যামচেমের একটি প্রতিনিধিদল। সফরের দ্বিতীয় দিনে দলটির নেতা ও হংকং অ্যামচেমের সভাপতি রিচার্ড ভুয়েলস্টিক মুখোমুখি হয়েছিলেন প্রথম আলোর
চীনের বাজার বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ ও সম্ভাবনার
প্রথম আলো: দুই দিন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন। বাংলাদেশের বাজার সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কী?রিচার্ড ভুয়েলস্টিক: বিশ্বের তৈরি পোশাকের বাজারে বেশ পরিবর্তন ও বৈচিত্র্য এসেছে। চীন এখন তৈরি পোশাকশিল্প থেকে বড় প্রযুক্তিসম্পন্ন শিল্পের দিকে যাচ্ছে। সে কারণে পোশাক ক্রেতারা এখন নতুন উৎপাদক দেশ খুঁজছেন, যেখান থেকে তাঁরা পোশাক কিনতে পারেন। এর মধ্যে বাংলাদেশ অন্যতম। তবে শুধু বাংলাদেশ নয়, আমরা ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়াসহ মিয়ানমারও দেখছি। এ ক্ষেত্রে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে আছে। কারণ, অনেক বছর ধরেই আমরা বাংলাদেশ থেকে পোশাক কিনছি। এ দেশে আমাদের বড় বিনিয়োগও আছে।প্রথম আলো: বাংলাদেশকে কেন আপনারা সম্ভাবনাময় উৎপাদক দেশ হিসেবে বিবেচনা করছেন?রিচার্ড ভুয়েলস্টিক: ম্যাককিনসে, নিয়েলসন ও ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিট বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গবেষণা প্রতিবেদনে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে সম্ভাবনাময় হিসেবে তুলে ধরেছে। এ দেশে চার থেকে পাঁচ হাজার তৈরি পোশাক কারখানা আছে। এর মধ্যে বেশ কিছু কারখানা বিশ্বমানের। তবে প্রতিবেদনের বক্তব্যগুলোও সরেজমিনে দেখার জন্যই আমরা বাংলাদেশে এসেছি।প্রথম আলো: ম্যাককিনসে তো বলেছে, ২০১৫ সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি দ্বিগুণ হবে। আপনাদের মতে, বাংলাদেশের এ খাতের ভবিষ্যৎ কেমন?রিচার্ড ভুয়েলস্টিক: বাংলাদেশের যথেষ্ট সম্ভাবনা আছে ২০১৫ সালে রপ্তানি দ্বিগুণ করার। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক দিনের। তবে ওই অবস্থানে যেতে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এর অন্যতম হলো, অবকাঠামো উন্নয়ন। হংকংয়ে আমি প্রতিদিন সাত থেকে ১০টি কাজের ক্ষেত্রে (অ্যাপয়েন্টম্যান্ট) যেতে পারি। কিন্তু এখানে তিনটার বেশি কোনোভাবেই সম্ভব না। এর কারণ দুর্বল যোগাযোগব্যবস্থা। মানুষ চলাচলেই যেখানে সমস্যা সেখানে পণ্যবাহী বড় কনটেইনারগুলো রাস্তায় চলবে কীভাবে। ঢাকা-চট্টগ্রাম চার লেন হবে শুনছি অনেক দিন আগ থেকে, এখনো তা হয়নি। আমার মনে হয়, যোগাযোগ অবকাঠামোর জন্য বাংলাদেশ অনেক পিছিয়ে যাচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ এবং প্রয়োজনীয় জমি না পাওয়াও বড় সমস্যা। আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে মধ্যম সারির ব্যবস্থাপনা। এরাই মূলত কারখানা চালায়। সমস্যা হলো, অনেক ক্ষেত্রেই মধ্যম সারির ব্যবস্থাপকেরা দক্ষ নন। তাঁদের প্রশিক্ষণের বিষয়ে বিজিএমইএর সঙ্গে আলোচনা হয়েছে। তারা দক্ষতা বাড়াতে কাজ করছে বলে জানিয়েছে। এ ছাড়া কারখানার শ্রমিকের ইস্যুটিও চ্যালেঞ্জিং। শ্রমিকদের মজুরি কম। এ সরকারের সময়ে দুবার মজুরি বাড়ানো হয়েছে বলে জেনেছি। আরও বাড়ানো যায় কি না, সে বিষয়ে আমরা আলোচনা করেছি। এ ছাড়া কারখানা শ্রমিকবান্ধব কি না, অগ্নিনির্বাপক-ব্যবস্থা থাকাও একটা বড় ইস্যু। বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি যদি বাড়ে, তাহলে এ দেশের জিডিপিও বাড়বে। আমার মনে হয়, ম্যাককিনসের প্রতিবেদনটি খুবই সঠিক।প্রথম আলো: চীন তো তৈরি পোশাক থেকে এখন উচ্চপ্রযুক্তি-নির্ভর শিল্পের দিকে যাচ্ছে। বাংলাদেশ কি এ সুযোগ কাজে লাগাতে পারবে?রিচার্ড ভুয়েলস্টিক: এমনিতেই বাংলাদেশের তৈরি পোশাকের বাজার বাড়ছে। আগে যেখানে ইউরোপ ও যুক্তরাষ্ট্র তৈরি পোশাকের বড় বাজার ছিল, সেখানে এখন এশিয়ায়ও পোশাকের ভালো বাজার তৈরি হয়েছে। বাংলাদেশ এই অঞ্চলেও পোশাক রপ্তানি করতে পারে। চীনের বাজার যদি বাংলাদেশ ধরতে চায়, তাহলে আগে যেসব চ্যালেঞ্জের কথা বলেছি, সেগুলো মোকাবিলা করতে হবে। চীনের কথা চিন্তা করেন, কত মিলিয়ন কনটেইনার সেখানে আছে। তাই চীনের বাজার ধরতে হলে বাংলাদেশের জন্য করণীয় হচ্ছে পরিবহনব্যবস্থা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট দক্ষতা অনেক বাড়াতে হবে। তবে আমি মনে করি, বাংলাদেশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।প্রথম আলো: হংকংয়ের ব্যবসায়ীদের মাধ্যমে গত বছর বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ৩০ শতাংশ রপ্তানি হয়েছে। চলতি বছর এ দেশ থেকে আরও বেশি পোশাক কেনার পরিকল্পনা আপনাদের আছে কি না?রিচার্ড ভুয়েলস্টিক: পোশাক কেনার জন্য সবচেয়ে ভালো দেশটি খুঁজতেই আমরা বেরিয়েছি। অবশ্যই বাংলাদেশ আমাদের বড় পছন্দের জায়গা। আমরা কী পরিমাণ পোশাক বাংলাদেশ থেকে কিনব, গত বছরের চেয়ে আরও বাড়বে কি না, তবে এ বিষয়ে এখনই পূর্বাভাস করা যাচ্ছে না। কারণ ভারত ও ভিয়েতনাম থেকে আমরা কতটা সুবিধা পাব, সেটাও একটি বিষয়। সবদিক বিবেচনা করেই আমরা পোশাক কিনব। [সাক্ষাৎকার নিয়েছেন আবুল হাসনাত]