চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ
রপ্তানির তুলনায় পণ্য আমদানি বৃদ্ধির হার কমে যাওয়ার প্রভাবে এ বছর জুলাই মাসে চীনের বাণিজ্য ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে। গত মঙ্গলবার প্রকাশিত পরিসংখ্যান থেকে দেখা যায় যে জুলাই মাসে চীনের বাণিজ্য উদ্বৃত্ত দুই হাজার ৮৭৩ কোটি ডলারে উপনীত হয়েছে। অথচ জুন মাসেই বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ ছিল দুই হাজার কোটি ডলার।জুলাই মাসে চীনের রপ্তানি আয় দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৫২ কোটি ডলারে। অবশ্য রপ্তানি বৃদ্ধির হার আগের বছরের একই সময়ের তুলনায় কমে গেছে। এ বছর জুলাই মাসে যেখানে রপ্তানি বেড়েছে ৩৮ দশমিক ১০ শতাংশ হারে সেখানে জুন মাসে রপ্তানি বেড়েছিল ৪৩ দশমিক ৯০ শতাংশ হারে। অন্যদিকে এ বছর জুলাই মাসে পণ্য আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৬৭৯ কোটি ডলার। আমদানি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৭০ শতাংশ যা জুন মাসে ছিল ৩৪ দশমিক ১০ শতাংশ।পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায় যে গত এক বছরের মধ্যে শুধু এ বছর মার্চ মাসে চীনে বাণিজ্য উদ্বৃত্তের বদলে ৭২০ কোটি ডলারের ঘাটতি দেখা দেয়। চীনের আন্তর্জাতিক বাণিজ্যের সর্বশেষ পরিসংখ্যানটি একাধিক বিষয় নির্দেশ করে বলে মনে করা হচ্ছে। আমদানি বৃদ্ধির হার কমে যাওয়ার মধ্য দিয়ে দেশটির অভ্যন্তরীণ চাহিদা প্রশমিত হওয়ার প্রতিফলন ঘটেছে। আবার রপ্তানি বৃদ্ধি অব্যাহত থাকায় বোঝা যায় যে ইউরোপের ঋণসংকট ও আমেরিকার অর্থনীতির দুর্বলভাবে ঘুরে দাঁড়ানো—কোনোটিই তেমন নেতিবাচক প্রভাব ফেলেনি। এসব দেশের ভোক্তারা চীনে প্রস্তুত টেলিভিশন, টি-শার্ট ও পাদুকা ব্যবহার করে চলেছে।তবে বাণিজ্য উদ্বৃত্ত বেড়ে যাওয়ার ফলে এখন আবার তা চীনের বিহিত মুদ্রা ইউয়ানের মূল্যমান বাড়ানোর ওপর চাপ তৈরি করবে বলে বিশ্লেষকেরা মনে করছেন।মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে চীন কৃত্রিমভাবে নিজের মুদ্রার মূল্যমান অবনমন করে রেখেছে।চীনের এই বাণিজ্য উদ্বৃত্ত স্ফীত হওয়া মানে আমেরিকার বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পাওয়া—এমন পর্যবেক্ষণ তুলে ধরে একাধিক বিশ্লেষক বলছেন, আমেরিকা আবারও চীনের মুদ্রার মূল্যমান বাড়ানোর জন্য নতুনভাবে চাপ তৈরি করবে। এর আগে জুন মাসে চীন সরকার মুদ্রার মূল্যমান বাড়ানোর বিষয়ে একটি আভাস দিয়েছিল। সূত্র: এএফপি/এফটি।