চীনের বার্ষিক প্রবৃদ্ধি অর্জিত হবে: ওয়েন
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ সত্ত্বেও চীন এ বছর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যসমূহ পূরণ করতে পারবে, কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির হার অর্জন করতে পারবে।চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও গতকাল এ কথা বলেছেন। পূর্বাঞ্চলীয় ঝেইজিয়াং প্রদেশ সফরকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘আমাদের সামর্থ্য আছে, আমাদের পরিস্থিতি অনুকূলে আছে, আর তাই আমরা নিশ্চয়ই এ বছর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্য পূরণ করতে পারব।’চীনা প্রধানমন্ত্রী অবশ্য এই বলে সতর্ক করে দেন, অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তি কিছুটা নড়বড়ে এবং অর্থনীতিতে চলমান কঠিন সময় প্রলম্বিত হতে পারে।চীন সরকার এ বছর প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সাড়ে সাত শতাংশ। অবশ্য বছরের প্রথমভাগে এই হার আট শতাংশ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে শ্লথগতি ও ইউরো অঞ্চলে ঋণসংকটের কারণে চীনকেও প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কমিয়ে আনতে হয়েছে।এপ্রিল-জুন সময়কালে অর্থাৎ বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ। এটি তিন বছরের মধ্যে কোনো প্রান্তিকে সর্বনিম্ন হারের প্রবৃদ্ধি। ঝেইজিয়াং সফরকালে সেখানকার ব্যবসায়ী-উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে ওয়েন বলেন, সম্প্রিতিক মাসগুলোয় চীনের অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। বিনিয়োগ ও ভোগ বেড়েছে।চীনা প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাই মাসে গোয়াংডোয়াং, ঝেইজিয়াং ও জিয়াংশুতে শিল্পোৎপাদন বেড়েছে।ওয়েন বলেন, চলতি বছরের প্রথম সাত মাসে নগরাঞ্চলে ৮১ লাখ ২০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে তিন লাখ ৯০ হাজার বেশি।জুলাই মাসে মূল্যস্ফীতির হার নেমে এসেছে ১ দশমিক ৮০ শতাংশে, যা ২০১০ সালের ফেব্রুয়ারি মাসের পর সর্বনিম্ন।ওয়েন বলেন, চীন সরকার অর্থনীতির প্রবৃদ্ধিসহায়ক বেশি কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলোর মধ্যে আছে ব্যাপকভাবে কর হ্রাস, শিল্পকারখানায় প্রযুক্তি উন্নয়নে ভর্তুকি প্রদান ও কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া। প্রযুক্তি উন্নয়নের জন্য ৪২৫ কোটি ডলারের ভর্তুকি দিয়েছে চীন সরকার। সূত্র: সিনহুয়া/বাসস।