চীনের ব্যবসায়ীদের বিনিয়োগে আগ্রহ
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন চীনের ইউনান প্রদেশের ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিআইএএ) নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সফরকারী ব্যবসায়ী প্রতিনিধিদল এ আগ্রহ প্রকাশ করে। রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে গতকাল সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিআইএএর পক্ষে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি কে এম এইচ শহিদুল হক। আর সফররত ১৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের উপমহাপরিচালক ইয়াং ওয়াই।
বৈঠকে সস্তা শ্রমের কথা উল্লেখ করে বিদ্যুৎ ও অন্যান্য খাতে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান শহিদুল হক। তিনি বলেন, চীনের উৎপাদনমুখী শিল্প বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। তা স্থানান্তরে বাংলাদেশ অন্যতম গন্তব্য হতে পারে।
ইয়াং ওয়াই বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা ও আগ্রহের কথা জানান। তিনি বলেন, তাঁর দলে বিদ্যুৎ-জ্বালানি খাতের শিল্পোদ্যোক্তারা রয়েছেন। যাঁরা বিনিয়োগের সম্ভাবনাগুলো খতিয়ে দেখছেন।