চীনের শিল্প খাতের সূচক বেড়েছে
এশিয়ার প্রধান ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের ম্যানুফেকচারিং বা উৎপাদন খাতে ধীরগতিতে প্রবৃদ্ধি হচ্ছে।
সদ্যসমাপ্ত নভেম্বর মাসে দেশটিতে ‘পারচেজিং ম্যানেজারস ইনডেক্স’ বা পিএমআই সূচক দাঁড়িয়েছে ৫১ দশমিক ৪ পয়েন্ট, যা ২০১২ সালের মে মাসের পর থেকে সর্বোচ্চ। জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) গতকাল রোববার এই তথ্য প্রকাশ করেছে। খবর বাসস/সিনহুয়ার।
পিএমআই সূচক ৫০ পয়েন্ট অতিক্রম করলে সেটাকে প্রবৃদ্ধির লক্ষণ বলে বিবেচনা করা হয়।
এনবিএসের পরিসংখ্যানবিদ ঝাও কিংগে বলেন, ‘অর্থনীতির পুনর্গঠন ও স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে ম্যানুফেকচারিং বা শিল্প খাতে আস্থা বেড়েছে। বদৌলতে উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। আবার উৎপাদন বৃদ্ধি পাওয়ায় কোম্পানিগুলোর কাঁচামাল আমদানির পরিমাণও বেড়েছে।’
ঝাও কিংগে আরও জানান, এ নিয়ে টানা পাঁচ মাস ধরে পিএমআই বেড়েছে। তবে এটি ভারসাম্যপূর্ণ ও নিখুঁত নয়।