চীনের শেয়ারবাজারে দরপতন

চীনে শেয়ারবাজারের সূচক কমে বিগত সাড়ে চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। অব্যাহত ঋণ সংকোচনের শঙ্কায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতিতে শেয়ারবাজারে এমন শঙ্কা দেখা দিয়েছে। খবর বিবিসির। চীনা সরকারের ঋণ সংকোচন নীতির কারণে শেয়ারবাজারে শঙ্কা তৈরি হয়। সাংহাইভিত্তিক সমন্বিত সূচক গতকাল মঙ্গলবার প্রথম দিকে ৫ দশমিক ৮ শতাংশ কমে ১৯০০ পয়েন্টের নিচে নেমে যায়। ২০০৯ সালের জানুয়ারি মাসের পর দেশটির এই সূচক এতটা নিচে নামেনি। আগের দিন অবশ্য সূচকটি ৫ দশমিক ৯ শতাংশ পতন ঘটে।
সাংহাইয়ের সমন্বিত শেয়ার সূচক চলতি বছরে সর্বোচ্চ পর্যায়ে উঠে গত ফেব্রুয়ারিতে। সেই অবস্থান থেকে এ পর্যন্ত সূচক ২০ শতাংশ কমেছে, যার মানে হলো চীনের শেয়ারবাজার ‘বিয়ার মার্কেটে’ পরিণত হয়েছে বা পতনপ্রবণ হয়ে উঠেছে। কমপক্ষে দুই মাসের মধ্যে শেয়ার সূচক ২০ শতাংশ কমলে সেটাকে ‘বিয়ার মার্কেট’ বা পতনপ্রবণ শেয়ারবাজার বলা হয়।
দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) সুদের হার সহনীয় পর্যায়ে রাখার ব্যাপারে দিকনির্দেশনা প্রদানের কথা বলার প্রেক্ষাপটে মঙ্গলবার শেষের দিকে বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে। ফলে সাংহাই সমন্বিত সূচক এক হাজার ৯৫৯ দশমিক ৫১ পয়েন্টে উন্নীত হয়। তবে এটিও আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৩ শতাংশ কম।
গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক বলেছিল, কম সুদের ঋণ পাওয়ার যুগ শেষ হয়ে গেছে। এতেই শেয়ারবাজারে পতন ত্বরান্বিত হতে থাকে, যা আবার ঘুরেও দাঁড়ায় পিবিওসি সুদহার সহনীয় রাখার নতুন ঘোষণা দেওয়ায়। অন্যদিকে সরকার বলেছে, ঋণ সংকোচনের নীতি অব্যাহত থাকবে।
সরকারের মুখপত্র হিসেবে বিবেচিত সংবাদপত্র পিপলস ডেইলির এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক ও সিকিউরিটিজ রেগুলেটরি কমিশনের উদ্দেশে বলেছে, ‘বাজার রক্ষা’ ও ‘বাজার বাড়ানো’র পদক্ষেপ শেয়ারবাজারের জন্য সহায়ক হবে না।