চীনের সঙ্গে ঘাটতি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি (কোটি ডলারে)
চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি (কোটি ডলারে)

চীন থেকে পণ্য আমদানি সামান্য কমে যাওয়ায় ও একই সময়ে রপ্তানিও কিছুটা বৃদ্ধি পাওয়ায় বাণিজ্যঘাটতি সামান্য কমেছে। ফলে ২০১২-১৩ অর্থবছরে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৬০০ কোটি ডলারের নিচে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, গত অর্থবছরে চীন থেকে পণ্য আমদানি বাবদ ব্যয় করতে হয়েছে ৬৩০ কোটি ৭০ লাখ ডলার। এটি অবশ্য প্রাথমিক হিসাব। আর ২০১১-১২ অর্থবছরে এ আমদানি ব্যয় ছিল ৬৪১ কোটি ডলার। ফলে চীন থেকে পণ্য আমদানি কমেছে ১ দশমিক ৬০ শতাংশ।
গত অর্থবছরে বাংলাদেশের সার্বিক আমদানি কমেছে। চীন থেকে পণ্য আমদানি কিছুটা কমার পাশাপাশি গত অর্থবছরে দেশটিতে বাংলাদেশি পণ্য রপ্তানি আয় বেড়েছে ৫ দশমিক ৬২ শতাংশ। রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৫ কোটি ৮১ লাখ ডলারে। আগের অর্থবছর ছিল ৪০ কোটি ডলার। এর ফলে ২০১২-১৩ অর্থবছরে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৫৮৪ কোটি ৯০ লাখ ডলার। আর ২০১১-১২ অর্থবছরে তা ছিল ৬০০ কোটি ৮৪ লাখ ডলার। চীন বর্তমানে বাংলাদেশের পণ্য আমদানির বৃহত্তম উৎস দেশ। বাংলাদেশের মোট আমদানির ২০ শতাংশই সম্পন্ন হয় চীন থেকে।