চীনের সঙ্গে জেইসি সভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) সভা করবে বাংলাদেশ। আজ শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এটি দুই দেশের ১৪তম সভা।
ইআরডি সূত্রে জানা গেছে, এবারের সভায় বাংলাদেশে চীনের বিনিয়োগ নিয়েই বেশি আলোচনা হবে। এ ছাড়া বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার (বিসিআইএম) করিডর নিয়ে বিশদ আলোচনার কথা রয়েছে। চীনের সঙ্গে একটি সিল্ক রুট তৈরির বিষয়ে আগ্রহী বাংলাদেশ। এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে। আগামী অক্টোবর মাসে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশের সফর নিয়েও আলোচনা হতে পারে।
বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ইআরডিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন। চীনের নেতৃত্ব দেবেন সে দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার গাও ইয়ান।
দুই দেশের মধ্যে সর্বশেষ ১৩তম জেইসি সভা ২০১৪ সালে চীনে অনুষ্ঠিত হয়েছিল। চীনের সঙ্গে আশির দশকের শেষ দিকে জেইসি চুক্তি করা হয়।
ইআরডি সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত বাংলাদেশকে প্রায় ১০৫ কোটি ডলার ঋণ ও অনুদান দিয়েছে চীন। অবশ্য এর মধ্যে ১০১ কোটি টাকা বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়া হয়েছে। কয়েক বছর ধরে বাংলাদেশের বিভিন্ন বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে আসছে। এ ছাড়া চীনের কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করছে।