চীনের সঙ্গে জেইসি সভা হচ্ছে
চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ। তাই আগামী ২২ আগস্ট চীনের সঙ্গে যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) সভা করবে বাংলাদেশ। এটি দুই দেশের ১৪তম সভা। ঢাকায় এ সভা অনুষ্ঠিত হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, এবারের সভায় বাংলাদেশে চীনের বিনিয়োগ নিয়েই বেশি আলোচনা হবে। এ ছাড়া বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার (বিসিআইএম) করিডর নিয়ে বিশদ আলোচনার কথা রয়েছে। চীনের সঙ্গে একটি সিল্ক রুট তৈরির বিষয়ে আগ্রহী বাংলাদেশ। তবে এখনো সভার আলোচ্যসূচি চূড়ান্ত হয়নি। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
দুই দেশের মধ্যে সর্বশেষ ১৩তম জেইসি সভা ২০১৪ সালে চীনে অনুষ্ঠিত হয়েছিল। এর আগেরটি হয়েছিল বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শেষ সময়ে। পরে দীর্ঘ আট বছর কোনো সভা হয়নি। চীনের সঙ্গে আশির দশকের শেষ দিকে জেইসি চুক্তি করা হয়।
ইআরডি সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত বাংলাদেশকে প্রায় ১০৫ কোটি ডলার ঋণ ও অনুদান দিয়েছে চীন। এর মধ্যে ১০১ কোটি টাকা বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়া হয়েছে। কয়েক বছর ধরে বাংলাদেশের বিভিন্ন বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে আসছে। এ ছাড়া চীনের কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করছে।