যৌথ বিনিয়োগের দিকে বাংলাদেশকে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের
চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো কঠিন
চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রতিবছরই বাড়ছে। তবে রপ্তানি যে হারে বাড়ছে, তার চেয়ে অনেক বেশি হারে বাড়ছে আমদানি। ফলে পণ্য-বাণিজ্যে ঘাটতিও অনেক বেড়ে গেছে।বর্তমান বাস্তবতায় চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা একাধিক কারণে খুব কঠিন কাজ বলে মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা। তাঁরা তাই বাণিজ্য ঘাটতি কমানোর চেয়ে বাংলাদেশের বিভিন্ন খাতে চীনের সঙ্গে যৌথ বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দিয়েছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার বিকেলে রাষ্ট্রীয় সফরে চীনে গেছেন। এই সফরকালে বিদ্যুত্ ও জ্বালানি খাতে চীনের সঙ্গে যৌথ বিনিয়োগের বিষয়ে কিছু অর্থবহ অগ্রগতি করা গেলে তা দীর্ঘ মেয়াদে লাভজনক হবে বলেও মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সংকলিত দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০০৮-০৯ অর্থবছরে চীনে প্রায় ১০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। বিপরীতে একই সময়ে চীন থেকে আমদানি করা হয়েছে প্রায় সাড়ে ৩০০ কোটি ডলারের পণ্য। অর্থাত্ দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৩৩৫ কোটি ডলার। এর আগের অর্থবছরে এই ঘাটতি ছিল প্রায় ৩০০ কোটি ডলার।অবশ্য চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে পঞ্জিকাবর্ষের হিসাবে গত বছর চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৪০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। এতে দেখা যায়, ২০০৯ সালে বাংলাদেশ চীন থেকে ৪৪৪ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। একই সময় বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ১৪ কোটি ডলারের পণ্য। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৪৩০ কোটি ডলার।পরিসংখ্যানে গরমিল যা-ই থাকুক, মূল বিষয়টিতে কোনো পরিবর্তন হয়নি। বাণিজ্য ঘাটতি বেড়ে চলেছে। চীন যদিও আপটার (এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট) আওতায় বাংলাদেশকে ৮৪টি পণ্যে শুল্ক ছাড় দিয়েছে। তারপরও বাংলাদেশ চীনে রপ্তানি সেভাবে বাড়াতে পারছে না। এ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত প্রথম আলোকে বলেন, ‘চীনের সঙ্গে প্রতিযোগিতা করে সারা দুনিয়াই পেরে উঠছে না, সেখানে আমাদের তো পেরে ওঠার কোনো প্রশ্নই নয়। আর তাই বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা না করে যৌথ বিনিয়োগের দিকে যাওয়া উচিত।’জায়েদ বখত ব্যাখ্যা করে বলেন, চীনে এখন শ্রমের ব্যয় বাড়ছে। আর তাই কিছু শিল্প সেখান থেকে বাংলাদেশে স্থানান্তর করার সুযোগ রয়েছে। এভাবে বাংলাদেশেই চীনের সঙ্গে যৌথ বিনিয়োগ হতে পারে। এর ফলে কিছু সুফল পাওয়া যাবে।একইভাবে এফবিসিসিআইয়ের সাবেক উপদেষ্টা মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের বরং উচিত চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যৌথ বিনিয়োগের চেষ্টা করা। বাংলাদেশে যদি চীনা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপন করা যায়, তাহলে সেখানে উত্পাদিত পণ্য আবার চীনে রপ্তানি করা যাবে।’বিদ্যুত্ ও জ্বালানি খাতে চীনের সঙ্গে যৌথ বিনিয়োগ করা গেলে দীর্ঘ মেয়াদে বাংলাদেশের জন্য লাভজনক হবে বলেও মনে করেন তিনি। চীন যেহেতু মিয়ানমার থেকে গ্যাসসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ নিয়ে ব্যবহার করছে, সেহেতু বাংলাদেশে চীনা বিনিয়োগ এলে এসব সম্পদও এখানে ব্যবহার করা যাবে। এভাবে একটি ত্রিপক্ষীয় বাণিজ্যচক্র তৈরি হবে।মনজুর আহমেদ মনে করেন, ‘চীনে রপ্তানি বাজার বাড়াতে হলে আমাদের শিল্পায়ন জোরদার করতে হবে। বর্তমানে বাংলাদেশে শিল্পায়নের যে শ্লথগতি, তাতে এই বাজার বাড়ানো খুব কঠিন। তা ছাড়া প্রযুক্তি হস্তান্তর ও বিদ্যুত্ ঘাটতি বাংলাদেশের শিল্পায়নকে বাধাগ্রস্ত করছে।’অন্যদিকে চীন থেকে আমদানি বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, সারা দুনিয়ায়ই চীন এখন বিভিন্ন পণ্য জোগানের বড় উৎস। তুলনামূলকভাবে কম দামে এসব পণ্য পাওয়া যায়। তবে গুণগত মানে সমস্যা রয়েছে।মনজুর আহমেদ অবশ্য এও বলেন, বাংলাদেশের প্রয়োজনেই প্রতিবছর চীন থেকে আমদানি বাড়ছে। এর ফলে ঘাটতি বাড়ছে। এই ঘাটতি নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ঘাটতি কমাতে গেলে যে হারে পণ্য রপ্তানি করতে হবে, সে হারে পণ্য উত্পাদনের অবস্থায় বাংলাদেশ নেই। এ জন্য সময় লাগবে।তা ছাড়া এখন যে রপ্তানি হচ্ছে, তাও ভবিষ্যতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করেন তিনি। তাঁর মতে, আসিয়ানের সঙ্গে চীনের মুক্ত বাণিজ্য চুক্তি এ বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ায় প্রতিযোগী দেশগুলো চীনের বাজারে তুলনামূলক অগ্রাধিকার পাচ্ছে।আসিয়ান-চীন মুক্তবাণিজ্য অঞ্চলকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মুক্তবাণিজ্য অঞ্চল। আর চলতি বছর জানুয়ারি মাসে চীন-আসিয়ানের দ্বিপক্ষীয় বাণিজ্য ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিআইডিএসের অর্থনীতিবিদ আরও মনে করেন, সড়ক ও রেলযোগাযোগ বাড়ানোর যে কথা বলা হচ্ছে, সেটাকে যদি অর্থবহ করা যায়, তাহলে আমদানি-রপ্তানি বাণিজ্যে কিছু সুবিধা পাওয়া যাবে।জায়েদ বখত এও বলেন, পাট ও তৈরি পোশাকসহ কিছু পণ্যে চীনে বাজার বাড়ানোর সুযোগ আছে। সুতরাং সেই চেষ্টাও থাকতে হবে। এ জন্য যোগাযোগব্যবস্থা সহজ করা দরকার।বাংলাদেশ বর্তমানে চীনে কাঁচা পাট, চামড়া, তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, প্লাস্টিক পণ্য প্রভৃতি রপ্তানি করে থাকে। অন্যদিকে চীন থেকে আমদানির তালিকাটি অনেক লম্বা। এই তালিকায় বস্ত্র ও বস্ত্রসামগ্রী, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, ইলেকট্রনিক সামগ্রী, খনিজ পদার্থ থেকে শুরু করে গৃহস্থালি ও নিত্যব্যবহার্য সামগ্রী রয়েছে।