চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৫০০ কোটি ডলার ছাড়াল
পাঁচ বছরের মধ্যে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি দ্বিগুণের বেশি বেড়েছে বাংলাদেশের। ২০০৬-০৭ অর্থবছরে যেখানে দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার, সেখানে ২০১০-১১ অর্থবছরে তা ৫৬০ কোটি ডলারে উন্নীত হয়েছে। মূলত গত অর্থবছরে চীন থেকে পণ্য আমদানি তার আগের অর্থবছরের তুলনায় ৫৬ শতাংশ বেড়ে যাওয়ায় এই বিরাট বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১০-১১ অর্থবছরে চীন থেকে পণ্য আমদানি বাবদ ব্যয় হয়েছে ৫৯২ কোটি ৫৫ লাখ ডলার, যেখানে ২০০৯-১০ অর্থবছরে এই ব্যয়ের পরিমাণ ছিল ৩৭৯ কোটি ডলার।এর বিপরীতে চীনে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির হারও অনেক। ২০০৯-১০ অর্থবছরে যেখানে প্রায় ১৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল, সেখানে ২০১০-১১ অর্থবছরে তা প্রায় দ্বিগুণ বেড়ে হয়েছে ৩২ কোটি ডলার।অথচ ২০০৮-০৯ অর্থবছরে চীনে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ১০ কোটি ডলারের কম। পরিমাণগত দিক থেকে চীনে বাংলাদেশের রপ্তানি এখনো অনেক কম। তবে রপ্তানি বৃদ্ধির হার বেশ উঁচু।চীন গত বছরের ১ জুলাই থেকে বাংলাদেশসহ বিশ্বের ৩৩টি স্বল্পোন্নত দেশকে তাদের বাজারে প্রবেশের ক্ষেত্রে বড় ধরনের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করে। ঘোষিত ওই সুবিধার আওতায় এসব দেশ থেকে আমদানিযোগ্য চার হাজার ৭৬২টি পণ্য চীনে শুল্কমুক্তভাবে প্রবেশের সুযোগ পায়।চীনে এই শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগ বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। এই চার হাজার ৭৬২টি পণ্য বর্তমানে চীনের আমদানি করা মোট পণ্যের প্রায় ৬০ শতাংশ। এসব পণ্যের মধ্যে রয়েছে—তৈরি পোশাক, চামড়া, প্লাস্টিক, কাঠ, পোলট্রি, ওষুধসামগ্রী প্রভৃতি। আর এই চার হাজার ৭৬২টি পণ্য চীনের বাজারে এলডিসিগুলোর মোট রপ্তানির প্রায় ৯৮ দশমিক ২০ শতাংশ। এলডিসিগুলো সমন্বিতভাবে তাদের মোট রপ্তানির ২৩ শতাংশের বেশি পাঠাচ্ছে চীনের বাজারে। বলা যেতে পারে, চীন ক্রমেই এলডিসিগুলোর বড় বাজার হয়ে উঠছে। বস্তুত ২০০১ সাল থেকে চীন এলডিসিগুলোকে ক্রমান্বয়ে শুল্কমুক্ত বাজারসুবিধা ও বিভিন্ন পণ্যে শুল্কছাড় সুবিধা দিয়ে আসছে।বাংলাদেশ যেহেতু এলডিসিগুলোর মধ্যে তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে আছে, সেহেতু চীনের বাজার ধরার ক্ষেত্রেও খানিকটা এগিয়ে আছে। চীনের বাজারে বাংলাদেশ থেকে রপ্তানির ক্ষেত্রে প্রধান পণ্যগুলো হলো—তৈরি পোশাক, হোম টেক্সটাইল, কাঁচা পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য ইত্যাদি।অন্যদিকে চীন থেকে আমদানি করা প্রধান পণ্যগুলোর মধ্যে আছে—সার, তুলা, ফেব্রিক, ইস্পাত ও লৌহ, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস-সামগ্রী।আমদানি ব্যাপকভাবে বাড়ার কারণে সামগ্রিকভাবে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যও অনেক বেড়ে গেছে। গত অর্থবছর দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৬২৪ কোটি ডলার। আর ২০০৯-১০ অর্থবছরে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৪০০ কোটি ডলার। এর ফলে চীন এখন বাংলাদেশের এক নম্বর বাণিজ্য-অংশীদার।