চীনে বাংলাদেশি পণ্য রপ্তানি বাড়ছে। তবে যে হারে ও পরিমাণে বাড়ছে, তার চেয়ে অনেক বেশি পরিমাণে বাড়ছে চীন থেকে পণ্য আমদানি। ফলে একদিকে দ্বিপক্ষীয় বাণিজ্য যেমন বাড়ছে, তেমনি বাণিজ্য ভারসাম্যও চলে যাচ্ছে বাংলাদেশের প্রতিকূলে।এই ধারায় ২০১১-১২ অর্থবছরে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৬০০ কোটি ডলার প্রায় ছুঁয়ে ফেলেছে। একই সঙ্গে চীন থেকে আমদানিও প্রথমবারের মতো ৬০০ কোটি ডলার অতিক্রম করেছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, গত অর্থবছরে চীন থেকে পণ্য আমদানির জন্য ব্যয় হয়েছে ৬৩৯ কোটি ৮৮ লাখ ডলার। আর ২০১০-১১ অর্থবছরে চীন থেকে আমদানি বাবদ বাংলাদেশকে ব্যয় করতে হয়েছিল ৫৯০ কোটি ৫৭ লাখ ডলার। সে হিসাবে চীন থেকে এক বছরে পণ্য আমদানি বেড়েছে প্রায় সাড়ে ৮ শতাংশ।অন্যদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুসারে, গত অর্থবছরে বাংলাদেশ থেকে চীনে পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৪০ কোটি ১৯ লাখ ডলার। আর ২০১০-১১ অর্থবছরে আয় হয়েছিল প্রায় ৩২ কোটি ডলার। তার মানে চীনে পণ্য রপ্তানি বেড়েছে প্রায় ২৪ শতাংশ।তবে রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয়ের পরিমাণ ১৬ গুণ বেশি হওয়ায় বাণিজ্য ঘাটতিও বিশাল আকার ধারণ করেছে। গত অর্থবছরে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৫৯৯ কোটি ৬৯ ডলার। আর তার আগের অর্থবছরে এই ঘাটতির পরিমাণ ছিল ৫৫৮ কোটি ৬১ লাখ ডলার।পরিমাণগত দিক থেকে চীনে বাংলাদেশের রপ্তানি এখনো অনেক কম। তবে রপ্তানি বৃদ্ধির হার বেশ উঁচু।চীন ২০১০ সালের ১ জুলাই থেকে বাংলাদেশসহ বিশ্বের ৩৩টি স্বল্পোন্নত দেশকে তাদের বাজারে প্রবেশের ক্ষেত্রে বড় ধরনের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করে। ঘোষিত ওই সুবিধার আওতায় এসব দেশ থেকে আমদানিযোগ্য চার হাজার ৭৬২টি পণ্য চীনে শুল্কমুক্তভাবে প্রবেশের সুযোগ পায়।চীনে এই শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগ বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। তা ছাড়া বাংলাদেশি পণ্য ও রপ্তানিকারকেরা চীনে পণ্য রপ্তানিতে অধিকতর সুবিধা পেয়ে আসছেন।এই চার হাজার ৭৬২টি পণ্য বর্তমানে চীনের আমদানীকৃত মোট পণ্যের প্রায় ৬০ শতাংশ। এসব পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, চামড়া, প্লাস্টিক, কাঠ, পোলট্রি, ওষুধসামগ্রী প্রভৃতি। আর এই চার হাজার ৭৬২টি পণ্য চীনের বাজারে এলডিসিগুলোর মোট রপ্তানির প্রায় ৯৮ দশমিক ২০ শতাংশ। এলডিসিগুলো সমন্বিতভাবে তাদের মোট রপ্তানির ২৫ শতাংশের বেশি পাঠাচ্ছে চীনের বাজারে। বলা যেতে পারে, চীন ক্রমেই এলডিসিগুলোর বড় বাজার হয়ে উঠছে। বস্তুত, ২০০১ সাল থেকে চীন এলডিসিগুলোকে ক্রমান্বয়ে শুল্কমুক্ত বাজার-সুবিধা ও বিভিন্ন পণ্যে শুল্কছাড়-সুবিধা দিয়ে আসছে।বাংলাদেশ যেহেতু এলডিসিগুলোর মধ্যে তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে আছে, সেহেতু চীনের বাজার ধরার ক্ষেত্রেও খানিকটা এগিয়ে আছে। চীনের বাজারে বাংলাদেশ থেকে রপ্তানির ক্ষেত্রে প্রধান পণ্যগুলো হলো: তৈরি পোশাক, হোম টেক্সটাইল, কাঁচা পাট ও পাটজাত পণ্য, চামড়া, চামড়াজাত পণ্য ইত্যাদি।অন্যদিকে চীন থেকে আমদানীকৃত প্রধান পণ্যগুলোর মধ্যে আছে: সার, তুলা, ফেব্রিক, ইস্পাত ও লৌহ, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস-সামগ্রী।সামগ্রিকভাবে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যও অনেক বেড়ে গেছে। গত অর্থবছর দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮০ কোটি ডলার। আর তার আগের বছর এর পরিমাণ ছিল প্রায় ৬২৩ কোটি ডলার। অথচ ২০০৯-১০ অর্থবছরে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৪০০ কোটি ডলার।