
চরম অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকদের ৫০ বছরের শ্রমে চামড়া খাত আজ শতকোটি ডলারের শিল্পে পরিণত হয়েছে। এ শিল্পে কর্মরত শ্রমিকেরা এক দিনও বিশৃঙ্খলা তৈরি না করে দাবি পূরণের জন্য ধৈর্য ধরেছেন। কিন্তু শ্রমিকদের সেই পুরোনো বঞ্চনার মধ্যে রেখেই ট্যানারিগুলো রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে নতুন চামড়া শিল্পনগরে যাচ্ছে।
চামড়াশিল্পে কর্মরত শ্রমিকদের সংগঠন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত এক সমাবেশে শ্রমিক নেতারা এসব কথা বলেন। রাজধানীর হাজারীবাগে গতকাল শনিবার অনুষ্ঠিত এ সমাবেশে কয়েক হাজার ট্যানারি শ্রমিক অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ শেখ ফজলে নূর তাপস। ট্যানারি মালিকদের দুই সংগঠনের দুজন নেতাও সমাবেশে উপস্থিত ছিলেন।
রাজধানীর হাজারীবাগে ট্যানারিগুলোতে প্রায় ২৫ হাজার শ্রমিক কাজ করেন। ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন তাঁদের হয়ে মালিকদের সঙ্গে দর-কষাকষি করে। এ সংগঠনের নেতারা বলেন, গত মে মাসে ট্যানারির মালিকদের সঙ্গে তাঁদের একটি দ্বিপক্ষীয় চুক্তি হয়েছিল। এ চুক্তিতে কমপক্ষে ৪০ শতাংশ শ্রমিককে স্থায়ী করা, সাভারে যাওয়ার ক্ষেত্রে শ্রমিকদের চাকরির ধারাবাহিকতা রক্ষাসহ প্রত্যয়নপত্র দেওয়া ও ভবিষ্য তহবিলের হিসাব দেওয়ার দাবি লিখিতভাবে মেনে নিয়েছিলেন ট্যানারি মালিকেরা। তবে সেই দাবি এখনো পূরণ হয়নি। অথচ কথা ছিল এসব দাবি এক মাসের মধ্যে পূরণ করা হবে।
এসব দাবির পাশাপাশি ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন দীর্ঘদিন ধরে সাভারে চামড়া শিল্পনগরে শ্রমিকদের জন্য আবাসন, চিকিৎসা ও সন্তানদের জন্য শিক্ষার ব্যবস্থা করার দাবি করে আসছে। এ জন্য তারা কয়েক দিন কর্মবিরতিও পালন করেছে। কিন্তু আগামী মার্চের মধ্যে সরকার ট্যানারিগুলো সাভারে যাওয়ার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেও শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা করা হয়নি। এ পরিপ্রেক্ষিতে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন গতকালের সমাবেশ আয়োজন করে।
সমাবেশস্থলে যাওয়া শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ট্যানারির সিংহভাগ শ্রমিক অস্থায়ী ভিত্তিতে কাজ করেন। তাঁদের দৈনিক হাজিরা ২০০ টাকা। স্থায়ী শ্রমিকদেরও কোনো নিয়োগপত্র নেই। ফলে তাঁরা কত দিন ধরে কাজ করছেন সেটা লেখা একটি প্রত্যয়নপত্র চান। ঢাকা হাইড অ্যান্ড স্কিনের একজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি ২৪ বছর ধরে ট্যানারিতে কাজ করছেন। স্থায়ী হলেও তাঁর হাতে এত দিন কাজের কোনো প্রমাণপত্র নেই। আছে শুধু একটি হাজিরা কার্ড, যা প্রতি মাসে বদলে দেওয়া হয়।
সমাবেশে ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘ট্যানারি মালিকেরা বারবার আমাদের সঙ্গে চুক্তি করেছেন, বারবার ওয়াদা করেছেন। কিন্তু চুক্তি বাস্তবায়ন করেননি। অথচ সাভারে যাওয়ার সব প্রক্রিয়া শেষ হওয়ার পথে।’ তিনি বলেন, ট্যানারি মালিকেরা স্বার্থপরের মতো সব সুবিধা নিয়ে সাভারে যাওয়ার ব্যবস্থা করেছেন। কিন্তু শ্রমিকের বঞ্চনার কোনো অবসান হয়নি।’
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, ট্যানারি মালিকেরা জমি পেয়েছেন, ক্ষতিপূরণ পেয়েছেন, বিনা খরচে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) পেয়েছেন। আর কী পেলে তাঁরা তৃপ্ত হবেন।
সাংসদ ফজলে নূর তাপস ট্যানারির শ্রমিকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে সমাবেশে বলেন, তিনি চলতি মাসের মধ্যে মালিক ও শ্রমিকের সঙ্গে বিষয়গুলো আলোচনার জন্য বসবেন। পরের মাসের মধ্যে দাবি পূরণে ব্যবস্থা নেওয়া হবে। মালিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা চুক্তিতে বুঝে-শুনেই সই করেছেন। চুক্তির বাস্তবায়ন করতে হবে।’
চামড়া শিল্পনগরে শ্রমিকদের আবাসনের জন্য আরও ২০০ একর জমি নিতে প্রধানমন্ত্রী শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করেন ফজলে নূর তাপস।
সমাবেশে ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) মহাসচিব সাখাওয়াত উল্লাহ বলেন, ট্যানারি শ্রমিকদের সুনাম বাংলাদেশের সর্বত্র। তাঁরা কোনো দিন বিশৃঙ্খল হননি। আলোচনার মাধ্যমে তাঁদের সমস্যার সমাধান করা হবে।
ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সেলিম আহমেদ প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।