ভারতের হঠাৎ সিদ্ধান্তে বিপাকে পড়া দেশের পাট রপ্তানিকারকদের জন্য একটা ছোট্ট সুখবর। যেসব পাটপণ্য রপ্তানিকারক ১০ সেপ্টেম্বরের আগে ভারতীয় আমদানিকারকের সঙ্গে চুক্তি করেছেন, তাঁদের সেই পণ্য ভারতে যেতে পারবে।
ভারতের জুট কমিশনারের কার্যালয়ের উপপরিচালক চন্দ্রানি গুপ্ত বেনাপোলের ওপারে ভারতীয় বন্দর পেট্রাপোলের সহকারী কমিশনারকে গতকাল একটি নির্দেশ পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, ১০ সেপ্টেম্বরের আগে ভারতীয় আমদানিকারকদের সঙ্গে বাংলাদেশ কিংবা নেপালের রপ্তানিকারকদের যেসব চুক্তি হয়েছে, সে জন্য জুট কমিশনারের কার্যালয় থেকে কোনো অনুমতিপত্র (এনওসি) নিতে হবে না।
এই সিদ্ধান্ত পাটপণ্য রপ্তানিকারকদের খুশি করেছে। তাঁরা বলছেন, চুক্তি হওয়া কোনো চালানই এখন আর পড়ে থাকবে না। এই পণ্য আগামী কয়েক মাস ধরেও রপ্তানি করা যাবে। তবে রপ্তানির জন্য নতুন করে আপাতত ঋণপত্র খোলা যাবে না। এ জন্য সে দেশের আমদানিকারকদের জুট কমিশনারের দেওয়া শর্তগুলো মানতে হবে।
ভারতের জুট কমিশনারের কার্যালয় হঠাৎ করেই গত বৃহস্পতিবার তাদের সব পাটপণ্য আমদানিকারকের লাইসেন্স বাতিল করে দেয়। সঙ্গে আরোপ করে বেশ কিছু কড়া শর্তও। এর মধ্যে আছে পাটপণ্য আমদানিকারকদের নতুন ফরমে আবার লাইসেন্স নিতে হবে। এমনকি তাঁরা যাদের কাছে তা বিক্রি করবেন, তাঁদেরও লাইসেন্স নিতে হবে। এখন থেকে প্রতিটি চালান আমদানির আগেই কমিশন থেকে এনওসি (অনুমতিপত্র) নিতে হবে। আমদানি করা কাঁচা পাট কিংবা পাট-সুতা দিয়ে বস্তা তৈরি করা যাবে না।
এরপরই বাংলাদেশ থেকে পাটপণ্যবাহী সব ট্রাক ফেরত পাঠিয়ে দেওয়া হয়। অবশ্য এর তিন দিন পর থেকে আবারও ভারতে পাটপণ্য ঢুকতে দেওয়া হয়। তখন বন্দর কর্তৃপক্ষের ওপর নির্দেশ ছিল যে ১০ সেপ্টেম্বর পর্যন্ত যাদের সব আনুষ্ঠানিকতা শেষ করা আছে, শুধু তাদের পণ্যই ভারতে প্রবেশ করতে পারবে। এখন সেই সুযোগটা আরও বাড়ানো হলো।