চুক্তিই হলো, সেবা মেলে না

চুক্তিবদ্ধ হওয়ার পরও অনেক সরকারি সংস্থা আড়াই বছরেও অনলাইন সেবা চালু করতে পারেনি। যেসব সংস্থা চালু করেছে, সেখানেও সাড়া নেই।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)

বাংলাদেশে ব্যবসা শুরুর আগে একজন ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স বা ব্যবসা করার প্রাথমিক সনদ পেতে হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। সেবাদানকারী সংস্থাগুলোর বিরুদ্ধে ঘুষ নেওয়ার কথাও সভা-সেমিনারে বলে আসছেন ব্যবসায়ীরা। হয়রানি ছাড়া ব্যবসায়ীদের অনলাইনে ট্রেড লাইসেন্স সেবা দিতে ২০১৮ সালে চুক্তিবদ্ধ হয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন। কিন্তু আড়াই বছর পেরিয়ে গেলেও এ দুই সিটি করপোরেশন এখনো অনলাইনে ট্রেড লাইসেন্স সেবা দেওয়া শুরু করতে পারেনি।

অনলাইনে ট্রেড লাইসেন্স সেবা দিতে ২০১৮ সালের ৮ নভেম্বর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে সমঝোতা স্মারক সই করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন। এর মধ্যে গত মার্চে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অনলাইনে ট্রেড লাইসেন্স দেওয়া শুরু করে।

চুক্তিবদ্ধ হওয়ার পরও অনলাইনে ব্যবসার সনদ বা ট্রেড লাইসেন্স দেওয়া শুরু না করার কারণ জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আশা করছি কঠোর বিধিনিষেধ শেষ হয়ে গেলেই অনলাইনে আমরা সেবা দিতে পারব। অটোমেশন করতে গিয়ে কিছুটা সময় লেগে গেছে।’

এদিকে ট্রেড লাইসেন্সের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আবুল কাসেম খান। তিনি প্রথম আলোকে বলেন, ব্যাংক অ্যাকাউন্টই হতে পারে ট্রেড লাইসেন্স। নিজের হয়রানির অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘একবার আমি একটি কোম্পানি খুলতে ট্রেড লাইসেন্সের জন্য গিয়ে দেখলাম কাজটি কত ঝামেলার। পদে পদে হয়রানি। অথচ অনেক দেশে ট্রেড লাইসেন্স করতে হয় না। ব্যাংক অ্যাকাউন্ট করলেই হয়ে যায়।’ তিনি আরও বলেন, দেশে সুন্দর সুন্দর আইন আছে। কিন্তু আইনের বাস্তবায়নে বড় ধরনের গলদ রয়েছে।

শুধু ব্যবসার সনদ নয়, অনলাইনে আরও অনেক সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিডা। তার মধ্যে ভূমি ব্যবহার ছাড়পত্র, পরিকল্পনা অনুমোদন, বড় ও বিশেষায়িত প্রকল্পের ছাড়পত্র এবং দখলের সনদ—এই চার সেবা অনলাইনে দিতে গত বছরের ২৩ আগস্ট বিডার সঙ্গে সমঝোতা চুক্তি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রায় এক বছর হতে চললেও এখন পর্যন্ত চারটি সেবা অনলাইনে দিতে পারছে না রাজউক।

চুক্তি করার পরও কেন অনলাইনে সেবা দিচ্ছে না সরকারি সংস্থাগুলো? কারণ খুঁজতে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেল, অনেক সংস্থা মনে করছে, অনলাইনে সেবা দিলে তাদের ক্ষমতা কমে যাবে। এটি কেউই চায় না। আবার অনলাইনে সেবা দিলে অনিয়মের সুযোগও কমবে। এ জন্য সরকারি সংস্থাগুলো অনলাইনে সেবা দিতে গড়িমসি করে।

বিশ্বব্যাংকের ‘ব্যবসা সহজীকরণ সূচকে’ বাংলাদেশের অবস্থান বরাবরই তলানিতে। সংস্থাটির সবশেষ প্রতিবেদন অনুযায়ী, এ সূচকে অন্তর্ভুক্ত ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৮তম। বিদেশি বিনিয়োগকারীরা যেকোনো দেশে ব্যবসা শুরুর আগে বিশ্বব্যাংকের এ সূচককে আমলে নেয়। তাই সূচকটিতে উন্নতির জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সেবা অনলাইনে দিতে ২০১৮ সালে উদ্যোগ নেয় বিডা। এ জন্য গত আড়াই বছরে সরকারের ৩০টি সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি করে বিডা। এ ৩০ সংস্থা মোট ৫১টি সেবা অনলাইনে দেওয়ার কথা। এসব সেবার মধ্যে রয়েছে বিদ্যুৎ-সংযোগ, ইমারত নির্মাণ, ভূমি ব্যবহার ছাড়পত্র, নামের ছাড়পত্র ও ভিসা সুপারিশ।

৩০টি সংস্থার ৫১টি সেবার মধ্যে কয়টি এখন অনলাইনে মিলছে? খোঁজ নিয়ে জানা গেল, মাত্র ১৩টি সংস্থা এখন পর্যন্ত ৩০টি সেবা অনলাইনে দিচ্ছে। যদিও এসব সেবা নেওয়ার হারও খুব কম। চুক্তিবদ্ধ হওয়ার পরও যেসব সংস্থা এখনো অনলাইনে সেবা দিতে পারছে না, তার মধ্যে আছে ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, নিবন্ধন অধিদপ্তর, ঢাকা ওয়াসাসহ বেশ কয়েকটি সংস্থা। অথচ দুই বছর আগেই তারা বিডার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল।

চুক্তির পরও যেমন সেবা মিলছে না, তেমনি আবার যেসব সংস্থা অনলাইনে সেবা দিচ্ছে, সেই সেবা নিতে ব্যবসায়ী বা উদ্যোক্তাদের আগ্রহ দেখা যাচ্ছে না। যেমন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে কর শনাক্তকরণ নম্বর বা ই-টিআইএন ও ভ্যাট নিবন্ধন সেবা দিচ্ছে ২০১৯ সালের ২৩ জুন থেকে। কিন্তু এখন পর্যন্ত বিডার এক দরজায় সেবার আওতায় এনবিআরের এ দুটি সেবা নিয়েছেন মাত্র একজন ব্যবসায়ী। পরিবেশ অধিদপ্তর তাদের ১৫টি সেবা অনলাইনে দিয়ে আসছে গত বছরের ১০ ডিসেম্বর থেকে। কিন্তু এখন পর্যন্ত এসব সেবা নিয়েছেন মাত্র একজন উদ্যোক্তা। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের অধিদপ্তর অনলাইনে নামের ছাড়পত্র, কোম্পানির নিবন্ধন সেবা দিয়ে আসছে ২০১৯ সালের ২০ মার্চ থেকে। কিন্তু এখন পর্যন্ত এ দুটি সেবা নিয়েছেন মাত্র দুজন ব্যবসায়ী।

অনলাইনে সেবা চালু থাকার পরও কেন ব্যবসায়ীরা তা নিচ্ছেন না, জানতে চাইলে বিডার কর্মকর্তারা বলছেন, অনেকে অনলাইন সেবার বিষয়টি জানেন না। আবার সেবা গ্রহীতাদেরও এ ধরনের সেবার সঙ্গে অভ্যস্ত হতে সময় লাগবে। এ জন্য যথেষ্ট প্রচার-প্রচারণার দরকার আছে। বিডা বলছে, ওয়ান-স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বিভিন্ন সেবাদানকারী সংস্থার ১৫০টির বেশি সেবা অনলাইনে দেওয়া সম্ভব হবে।