চুক্তিতত্ত্ব গবেষণা এনে দিল অর্থনীতিতে নোবেল

চুক্তিতত্ত্ব নিয়ে কাজ করার জন্য এবার অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রভিত্তিক দুই অর্থনীতিবিদ অলিভার হার্ট ও বেংট হমস্ট্রোম। এর মধ্যে অলিভার হার্ট হার্ভার্ড ইউনিভার্সিটিতে অর্থনীতি পড়ান এবং বেংট হমস্ট্রোম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) পড়ান অর্থনীতি ও ব্যবস্থাপনা।
যুক্তরাষ্ট্রভিত্তিক হলেও অর্থনীতিতে নোবেল পাওয়ার জন্য নিশ্চয়ই উৎসব করতে পারেন যুক্তরাজ্য ও ফিনল্যান্ডবাসীরাও। কেননা, অলিভার হার্টের জন্ম যুক্তরাজ্যে এবং বেংট হমস্ট্রোম জন্মগ্রহণ করেছেন ফিনল্যান্ডে।
গতকাল সোমবার সুইডেনের স্টকহোমে রয়্যাল একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে নোবেল বিজয়ী দুই অর্থনীতিবিদের নাম জানায়। এ ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই আরেক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করে বলেন, ‘দুজনই অর্থনীতিতে নোবেল পাওয়ার যোগ্য। তবে আমার প্রথম প্রতিক্রিয়া হচ্ছে, ওঁরা কি আগে পাননি?’ মূলত, অর্থনীতিতে অত্যন্ত পরিচিত এই দুজনের অনেক আগেই নোবেল পাওয়া উচিত ছিল বলে অনেকেই মনে করেন।
পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটি বলেছে, চুক্তিতত্ত্ব নিয়ে এই দুই গবেষকের কাজ শীর্ষ নির্বাহী পদের ব্যক্তিদের কর্মদক্ষতার ওপর ভিত্তি করে বেতন নির্ধারণের মতো বিষয় বুঝতে সহায়ক হবে। আর আধুনিক সমাজের স্বাভাবিক ক্রিয়াকলাপের জন্য চুক্তি অপরিহার্য।
নোবেল কমিটির মতে, সমাজে এখন নানা ধরনের চুক্তি করতে হয়। চুক্তি হয় শেয়ারধারক ও শীর্ষ নির্বাহীর মধ্যে, বিমা কোম্পানি ও গাড়ির মালিকের মধ্যে, অথবা সরকারি কোনো কর্তৃপক্ষ ও এর সরবরাহকারীর মধ্যে। এ ধরনের সম্পর্কের মধ্যে নানা ধরনের পরস্পরবিরোধী স্বার্থসংশ্লিষ্ট বিষয় থাকে। ফলে এ ধরনের চুক্তি এমনভাবে তৈরি করতে হবে, যাতে সব পক্ষই একই সঙ্গে সমানভাবে লাভবান হয়। তা কীভাবে সম্ভব, তা বুঝতে নোবেল বিজয়ী দুই অর্থনীতিবিদের চুক্তিতত্ত্ব কাজে দেবে। পুরস্কার ঘোষণার সঙ্গে নোবেল কমিটি এই চুক্তিতত্ত্ব নিয়ে ছয় পৃষ্ঠার একটি সারসংক্ষেপ প্রকাশ করেছে।
মূলত একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর মতো উচ্চপদে কর্মরত ব্যক্তিদের নিয়োগসংক্রান্ত চুক্তি নিয়ে গবেষণা করেছেন বেংট হমস্ট্রম। পাশাপাশি স্কুল, হাসপাতাল বা জেলখানার মতো সেবা প্রতিষ্ঠানগুলো সরকারি নাকি ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া উচিত, তা নিয়ে গবেষণা করেছেন অলিভার হার্ট।
নোবেল পুরস্কারের অর্থমূল্য এখন ৮০ লাখ সুইডিশ ক্রোনার বা ৯ লাখ ২৪ হাজার ডলার। এই অর্থ দুই গবেষকের মধ্যে ভাগ করে দেওয়া হবে। প্রথা অনুযায়ী, ১০ ডিসেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফিনল্যান্ডে জন্ম নেওয়া বেংট হমস্ট্রোম দেশটির অন্যতম টেলিকম প্রতিষ্ঠান নকিয়া করপোরেশনের দীর্ঘ সময় ধরে থাকা একজন পরিচালক। ৬৭ বছর বয়সের এই অর্থনীতিবিদ ১৯৭০ সাল থেকে এই চুক্তিতত্ত্ব নিয়ে কাজ করছেন। তাঁর মতে, একটি প্রতিষ্ঠানের বেতন-ভাতা অবশ্যই নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার কাজের সাফল্য-ব্যর্থতার সঙ্গে সম্পর্কিত হতে হবে। এ জন্য কীভাবে চুক্তি করতে হবে, সেটা নিয়েই তাঁর কাজ। এরপর ক্রমান্বয়ে তিনি তাঁর তত্ত্বে নতুন নতুন বিষয় যুক্ত করেছেন। যেমন উৎসাহ দিতে বেতন বৃদ্ধির পরিবর্তে পদোন্নতি দেওয়া কতখানি কার্যকর—এ ধরনের বিষয়।
৬৮ বছর বয়সী অলিভার হার্ট আশির দশক থেকে চুক্তিতত্ত্ব নিয়ে কাজ করেছেন। তিনি মনে করেন, যখন একটি চুক্তি করা হয়, তখন বাস্তবতা পুরোপুরি বুঝতে পারা যায় না। সামনের দিনগুলো নিয়ে পূর্বাভাস কাজও করে না। সুতরাং, গুরুত্বপূর্ণ হচ্ছে, চুক্তি করার পর কীভাবে পরবর্তী সিদ্ধান্তগুলো নিতে হবে। অলিভার হার্ট এদিক দিয়েই চুক্তিতত্ত্বে ভিন্ন মাত্রা দিয়েছেন।
যৌথভাবে নোবেল পাওয়া দুই অর্থনীতিবিদই ব্যাংকিং, আর্থিক বাজার ও নগদ প্রবাহ নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ২০০৮ সাল থেকে শুরু হওয়া বিশ্বের আর্থিক মন্দা নিয়ে সরকারের ভূমিকার সমালোচক অলিভার হার্ট। এ নিয়ে তিনি ওয়াল স্ট্রিট জার্নাল-এ লেখালেখিও করেন।
বেংট হমস্ট্রোমের প্রকাশিত বইয়ের নাম ইনসাইড অ্যান্ড আউটসাইড লিক্যুইডিটি। ২০১১ সালে প্রকাশিত এই বইয়ের সহলেখক জঁ তিরোলে, তিনি নোবেল পেয়েছেন ২০১৪ সালেই।
এখন দেখা যাক, নোবেল পাওয়ার পর দুই অর্থনীতিবিদের প্রতিক্রিয়া কেমন ছিল। বেংট হমস্ট্রোম খুব স্পষ্ট করেই বলেছেন, অর্থনীতিতে নোবেল পাওয়ার জন্য তিনি এবার মোটেই প্রস্তুত ছিলেন না। সুতরাং, নোবেল পাওয়ার সংবাদ তাঁকে বিস্মিত করলেও তিনি এখন নিজেকে ভাগ্যবান বলেই মনে করছেন। একই সঙ্গে নোবেল দেওয়ায় তিনি কৃতজ্ঞতাও জানান।
তবে অলিভার হার্ট কিন্তু নোবেল পাওয়ার আশায় ছিলেন। নোবেল পাওয়ার পর এক টুইটার বার্তায় তিনি বলেছেন, অনেক ভোরে (৪টা ৪০ মিনিট) তিনি ঘুম থেকে উঠে ভেবেছিলেন, এবার মনে হয় নোবেল পাওয়া আর হলো না। তবে ভাগ্য ভালো যে কিছুক্ষণের মধ্যেই ফোনটি এল। অলিভার হার্ট আরও জানান, সংবাদটি পাওয়ার পর তিনি প্রথমে স্ত্রীকে আলিঙ্গন করেছেন, এরপর ছোট ছেলেকে ঘুম থেকে ওঠানো হয়। আর তারপরই অন্যদের সঙ্গে কথাবার্তা বলেছেন।
উল্লেখ্য, অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয় ১৯৬৯ সালে। যদিও বিভিন্ন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল ১৯০১ সাল থেকে। এ বছরের বিজয়ীসহ অর্থনীতিতে এ পর্যন্ত ৪৮ বার পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত অর্থনীতিতে কেবল একজন নারীই পুরস্কার পেয়েছেন—এলিনর অসট্রম। ২০০৯ সালে তিনি নোবেল পান। এ নিয়ে কেউ কেউ টুইট করে খানিকটা হতাশার কথা জানিয়েছেন।
গত বছর, ২০১৫ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক অ্যাঙ্গাস ডিটন। মূলত ভোগ, ব্যয় ও
দারিদ্র্য নিয়ে কাজ করে অর্থনীতিতে তিনি এই পুরস্কার পেয়েছিলেন।