চুক্তিতে 'ঝুঁকি' দেখছে মার্কিন প্রতিষ্ঠানগুলো

বাংলাদেশের পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন ইউরোপের ক্রেতারা। সে জন্য তাঁরা একটি নিরাপত্তা পরিকল্পনায় স্বাক্ষরও করেছেন। তবে গ্যাপসহ আমেরিকার খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো এ পরিকল্পনার ঘোর বিরোধিতা করে এটিকে ‘ঝুঁকি’ হিসেবে অবহিত করছে।এ চুক্তি স্বাক্ষর না করে গ্যাপ, ওয়ালমার্ট ও অন্য আমেরিকান বিক্রেতা প্রতিষ্ঠান বরং নিজেদের পরিদর্শন পদ্ধতি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের। চলতি সপ্তাহে আমেরিকার বিখ্যাত খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান গ্যাপের বার্ষিক সভা হয়। এতে বাংলাদেশের পোশাক কারখানার মান উন্নয়নের জন্য অর্থায়ন পরিকল্পনায় স্বাক্ষর করার বিষয়টি উঠলে প্রতিষ্ঠানের শেয়ারধারীরা তা নাকচ করে দেন।এ বিষয়ে গ্যাপের প্রধান নির্বাহী গ্লেন মারফি বলেন, ‘ইউরোপের চেয়ে আমেরিকায় আইনগত ঝুঁকি বেশি। পরিকল্পনায় স্বাক্ষর করলে আমরা সীমাহীন আইনগত দায়বদ্ধতা ও ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারি। মনে হয়, প্রতিষ্ঠানের শেয়ারধারীরা সতর্কতার জন্যই স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছেন।’উল্লেখ্য, গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে এক হাজার ১২৭ জন পোশাকশ্রমিকের মৃত্যু হয়। এ বড় দুর্ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করার বিষয়ে সম্মত হয় ইউরোপীয় অঞ্চলের বিক্রেতা প্রতিষ্ঠান। পোশাক কারখানাকে অগ্নিকাণ্ড থেকে নিরাপদ রাখার জন্য এবং ভবন উন্নয়নে অর্থসহায়তা দেবে এসব প্রতিষ্ঠান।এ-সংক্রান্ত একটি চুক্তি সইয়ের বিষয়েও সম্মত হয় ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো। গত সপ্তাহে প্রায় তিন ডজন প্রতিষ্ঠান এ চুক্তিতে সই করে। তবে একই সময়ে গ্যাপ, ওয়ালমার্ট ও সিয়ার্সের মতো আমেরিকার বিখ্যাত খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এ ধরনের চুক্তির বিরোধিতা করে।আমেরিকার ন্যাশনাল রিটেইল ফেডারেশনের আইন উপদেষ্টা জোহান লুবিই চুক্তিতে স্বাক্ষর না করতে নিজ দেশের প্রতিষ্ঠানগুলোর আইনি উদ্বেগকে সমর্থন করেন। তিনি বলেন, আটলান্টিকের এ পারে দায়বদ্ধতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আন্তর্জাতিক সাপ্লাই চেইন ব্যাহত হওয়ার জন্য কেউ অন্যায়ভাবে দায়দায়িত্ব প্রতিষ্ঠানগুলোর ওপর চাপাতে পারেন। সেই আতঙ্কে আছে প্রতিষ্ঠানগুলো।
উদাহরণ দিয়ে জোহান বলেন, বাংলাদেশের কারখানার অগ্নিকাণ্ড ও ভবনধসে শ্রমিকদের মৃত্যু নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার বা প্রতিনিধিদের দিয়ে অতি উৎসাহী মার্কিন আইনজীবীরা বিক্রেতাদের বিরুদ্ধে মামলা করাতে পারেন। তখন নিরাপত্তা নিয়ে চুক্তি করা থাকলে প্রতিষ্ঠানগুলো বিপাকে পড়বে।
কলাম্বিয়া ইউনিভার্সিটির করপোরেট আইন বিভাগের অধ্যাপক জোন সি কফি বলেন, আমেরিকার প্রতিষ্ঠানগুলো সাধারণত সমুদ্রের ওপারের প্রতিযোগীদের তুলনায় অধিকতর মামলার মুখোমুখি হওয়ার ঝুঁকিতে থাকেন। কারণ, দেশটির আদালতের পদ্ধতি ইউরোপের চেয়ে ভিন্ন। সেখানে মামলায় যে হারে তাকে উভয় পক্ষের আইনজীবীকেই ফি দিতে হয়। আবার মামলা চলাকালে আইনজীবীর অন্তর্বর্তীকালীন কোনো ফি নেই।
তবে শ্রম অধিকার সংগঠনগুলো এ ধরনের যুক্তিকে গ্রহণযোগ্য নয় মনে করছে। তারা বলছে, বাংলাদেশের কারখানার নিরাপত্তাবিষয়ক চুক্তির বহু আগেই এ ধরনের অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।
ওয়ার্কার রাইটস কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক স্কট নোভা উদাহরণ দিয়ে বলেন, ২০০৩ সালে নিম্ন মজুরি, ১২ ঘণ্টা কাজ, নিরাপত্তার জন্য কুকুর ব্যবহার ও কাঁটাতারের বেড়ার জন্য আমেরিকার খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে মামলা হয়। শেষ পর্যন্ত মামলায় হেরে গ্যাপ, ওয়ালমার্ট, টার্গেটসহ ২০ বিক্রেতা প্রতিষ্ঠানকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সাইপানের ৩০ হাজার পোশাক শ্রমিককে দুই কোটি ডলার জরিমানা দিতে হয়।
রানা প্লাজা ধসের পর থেকেই ক্রেতা প্রতিষ্ঠানগুলোর ওপর বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে নিরাপত্তার জন্য চুক্তি করার ব্যাপারে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), বিভিন্ন দেশের শ্রমিক সংঘ ও সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী প্রচণ্ড চাপ তৈরি করে। তখন থেকেই এমন চুক্তির ব্যাপারে আলোচনা চলছিল।
কারখানার নিরাপত্তাবিষয়ক এ চুক্তির মেয়াদ হবে পাঁচ বছর। এতে পোশাক সরবরাহকারীদের জন্য কঠোর বাধ্যবাধকতা আরোপ করা হবে। চুক্তির জন্য একটি কর্মপরিকল্পনা ঠিক করা হবে এবং তা বাংলাদেশ সরকার, দেশটির তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন এবং শ্রমিক সংগঠনের নেতাদের সম্মতিতেই করা হবে।