চুক্তির আগে যাঁরা চাল সরবরাহ করেছেন, তাঁদের জন্যও প্রণোদনা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সঙ্গে চুক্তি হওয়ার আগে যাঁরা চাল সরবরাহ করেছেন, তাঁদেরও প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে জয়পুরহাট জেলা চালকল মালিক সমিতি।স্থানীয় প্রেসক্লাবে গত সোমবার এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ দাবি জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আমিনুল বারী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সদস্য মো. ফজলুর রহমান, সদর উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি শামছুল আলম, ক্ষেতলাল উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি খলিলুর রহমান, আক্কেলপুর উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আবুল খায়ের মো. শাখাওয়াত হোসেন।সমিতির নেতারা জানান, সরকার অতিরিক্ত চাল সংগ্রহের লক্ষ্যে সম্প্রতি কেজিপ্রতি তিন টাকা করে প্রণোদনা প্রদানের ঘোষণা দেওয়ায় তাঁরা চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়ে চাল সরবরাহ করছেন। কিন্তু যেসব চালকল মালিক এর আগে চাল সরবরাহ করেছেন, তাঁরা এই প্রণোদনা থেকে বঞ্চিত হবেন। সে জন্য বিষয়টি বিবেচনা করার জন্য জেলা চালকল মালিক সমিতির নেতারা সরকারের কাছে দাবি জানান।