যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে ফিলিপাইনে স্থানান্তরিত ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলারের মধ্যে ৪ কোটি ৬০ লাখ ডলার দেশটির ক্যাসিনোতে ঢুকেছে। এমন তথ্য দিয়েছে সে দেশের বিনোদন কেন্দ্র ও ক্যাসিনো নিয়ন্ত্রণকারী রাষ্ট্রীয় সংস্থা ফিলিপাইন অ্যামিউজমেন্ট গেমিং করপোরেশন (পিএজিসি)। আর সংস্থাটিকে উদ্ধৃত করে এ তথ্য প্রকাশ করেছে ফিলিপাইনের ইংরেজি দৈনিক ইনকোয়ারার।
ইনকোয়ারার-এর প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির ৫ থেকে ৯ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের আর্থিক ব্যবস্থায় ঢোকে। আর এসব অর্থ জব্দ করতে আইনি ব্যবস্থা নেওয়া হয় ১ মার্চ। তার আগে ২৯ ফেব্রুয়ারি এ নিয়ে ইনকোয়ারার একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদন প্রকাশের পরই দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কর্তৃপক্ষ আদালতের শরণাপন্ন হয়।
বাংলাদেশ ব্যাংকসহ একাধিক সূত্রে জানা গেছে, নিউইয়র্কের ব্যাংকে গচ্ছিত বাংলাদেশের রিজার্ভ থেকে চুরি যাওয়া মোট ১০ কোটি ১০ লাখ ডলারের (৮০৮ কোটি টাকা, প্রতি ডলার বিনিময় মূল্য ৮০ টাকা ধরে) মধ্য থেকে ৮ কোটি ১০ লাখ ডলার জমা হয় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) চারটি হিসাবে। সেখান থেকে পরবর্তী সময়ে কয়েক হাত ঘুরে ওই অর্থের ৪ কোটি ৬০ লাখ ডলার (৩৬৮ কোটি টাকা) ক্যাসিনোতে গেছে বলে পিএজিসিকে উদ্ধৃত করে ইনকোয়ারার জানিয়েছে। বাকি অর্থ কোথায় কী অবস্থায় রয়েছে, তা নিশ্চিত করা যাচ্ছে না বলে ওই প্রতিবেদনে বলা হয়।
এদিকে আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী ব্যবস্থা সুইফটের (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন—এসডব্লিউআইএফটি) বাংলাদেশ ব্যাংকের অংশে ঢুকে অনেক দিন ধরে পুরো ব্যবস্থাটিকে নজরদারিতে রেখে অর্থ চুরির এ ঘটনা ঘটানো হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের সিস্টেমের পুরোনো অনেক রেকর্ডও মুছে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত যেসব রেকর্ড পাওয়া গেছে, তাতে দেখা যায়, গত ২৪ জানুয়ারি প্রথম সিস্টেমটিতে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ঘটে।
এদিকে গতকাল বাংলাদেশ ব্যাংকের দাপ্তরিক ফেসবুক পেজে এ বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়, সাইবার আক্রমণে ৩৫টি ভুয়া পরিশোধ নির্দেশের মাধ্যমে ৯৫ কোটি ১০ লাখ মার্কিন ডলার স্থানান্তরের প্রস্তাব পাঠানো হয়। তার মধ্যে ৩০টি নির্দেশ আটকানো সম্ভব হয়। তাতে ৮৫ কোটি ডলার বেহাত হওয়া প্রতিহত করা গেছে।
রিজার্ভের অর্থ চুরির তদন্তের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র থেকে গত রাতে জানা গেছে, বাইরে থেকে বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে অনুপ্রবেশকারী একাধিক আইডি (পরিচিতির তথ্য) শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে সেসব আইডি সম্পর্কে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স গতকাল এক প্রতিবেদনে বলেছে, এ ঘটনার তদন্তে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা-বিষয়ক প্রতিষ্ঠান ফায়ার আই ম্যান্ডিয়েন্টের ফরেনসিক বিভাগ। ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিভিত্তিক ফায়ার আই বিশ্বে বড় ধরনের বেশ কয়েকটি সাইবার চুরির ঘটনা তদন্ত করেছে। এ কাজে তাদের বিশেষ দক্ষতা আছে। এ কারণে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনা তদন্তের সঙ্গে যুক্ত বিশ্বব্যাংকের সাবেক তথ্যপ্রযুক্তি পরিচালক রাকেশ আস্তানার প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইনফরমেটিকস তদন্তের সঙ্গে ফায়ার আইকে যুক্ত করেছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একটি প্রকল্পের অধীনে সাইবার বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে রাকেশ আস্তানাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে একটি দল এই অর্থ চুরির ঘটনাটি তদন্ত করছে।
নাম প্রকাশ না করে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে রয়টার্সের গতকালের প্রতিবেদনে আরও বলা হয়, এ ঘটনার তদন্তকাজে সহযোগিতার প্রস্তাব দিয়েছে মার্কিন সরকার। ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও মার্কিন বিচার বিভাগের অনানুষ্ঠানিক কথাবার্তা হয়েছে। হ্যাকাররা কীভাবে বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কে ঢুকেছে, চুরি হওয়া অর্থ কোথায় কোথায় গেছে এবং কোনো অর্থ উদ্ধার করা যাবে কি না—যুক্তরাষ্ট্রের তদন্ত থেকে এসব প্রশ্নের উত্তর মিলতে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।
এফবিআইকে যুক্ত করার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভংকর সাহা প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই।’
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের চলতি হিসাবে (কারেন্ট অ্যাকাউন্ট) নিয়মিত লেনদেনের জন্য রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থের পুরোটাই চুরির উদ্যোগ ছিল। এ জন্য বাংলাদেশ ব্যাংকের ‘অথেনটিক’ ব্যবস্থা থেকে ৫ ফেব্রুয়ারি ৩৫টি ‘অ্যাডভাইস’ (পরামর্শ) পাঠানো হয়েছিল। তার মধ্য থেকে ৫টি পরামর্শ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাওয়ায় তাতে ফিলিপাইন ও শ্রীলঙ্কায় ১০ কোটি ১০ লাখ ডলার চলে যায়। এর মধ্যে একটি ‘অ্যাডভাইসে’ শ্রীলঙ্কায় যাওয়া ২০ মিলিয়ন বা ২ কোটি ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকি ৩০টি ‘অ্যাডভাইসে’ কার্যকারিতা ঠেকানোর ফলে রিজার্ভের চলতি হিসাবে থাকা অর্থের পুরোটা উজাড় হয়নি।
ইনকোয়ারার-এর গতকালের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের দিক থেকে অনুরোধ পাওয়ার পরপর যদি ত্বরিত ব্যবস্থা নেওয়া হতো, তাহলে হয়তো স্থানান্তরিত অর্থের বড় অংশ ব্যাংকিং চ্যানেলে আটকানো যেত। রিজার্ভের অর্থ চুরির ঘটনা জানতে পেরে গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ফিলিপাইনের আরসিবিসির কাছে একটি বার্তা পাঠানো হয়। তাতে পুরো অর্থ জব্দ করার অনুরোধ জানানো হয়েছিল।