চুয়াডাঙ্গায় ১১ ডিলার টিসিবির পণ্য তোলেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসে ভোগ্যপণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উদ্যোগ কাজে আসেনি চুয়াডাঙ্গায়। কেননা, জেলার চারটি উপজেলার ১১ ডিলারের কেউই রমজান মাসের বরাদ্দকৃত ভোগ্যপণ্য তোলেননি।
ডিলারদের অভিযোগ, টিসিবির পণ্যের মান তুলনামূলক খারাপ। তার ওপর আছে অতিরিক্ত পরিবহন খরচ। আর দাম এসব পণ্যের বাজারমূল্যের সমান। ফলে মুনাফা হবে কম। এ কারণেই ডিলারদের কেউই আগ্রহ দেখাননি। তবে টিসিবির কর্মকর্তারা এগুলো অজুহাত বলে দাবি করেছেন।
টিসিবির খুলনা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, রমজান মাস শুরুর ১৫ দিন আগে এক দফা এবং রমজান চলাকালে দুই দফায় পণ্য তোলা ও বিক্রির জন্য বলা হয়েছে। কিন্তু চুয়াডাঙ্গার কোনো ডিলারই এবার পণ্য তোলেননি। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলায় দুটি করে এবং দামুড়হুদায় চার ও আলমডাঙ্গায় টিসিবির তিনজন ডিলার রয়েছেন।
টিসিবির ডিলার সদর উপজেলার সরোজগঞ্জের মেসার্স আজিজুল হক এগ্রো বিজনেসের স্বত্বাধিকারী আজিজুল হক বলেন, ‘গত বছর রোজার আগে এক দফায় পণ্য তুলেছিলাম। টিসিবির চিনি, মসুর ডাল, খেজুর, ভোজ্যতেল ও ছোলার মান খুবই খারাপ হওয়ায় বিক্রি করতে সে সময়ে বেশ বেগ পেতে হয়েছে। লাভের পরিবর্তে লোকসান হওয়ায় পরে রোজার মাসে দুই পণ্য তোলেনি। এ বছর এসবের মান আরও খারাপ হওয়ায় তোলার কোনো সম্ভাবনা নেই। ’
টিসিবির স্থানীয় ডিলাররা পণ্য না তোলায় ৪ জুলাই জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন টিসিবির তালিকাভুক্ত ডিলারদের নিয়ে বৈঠক করেন। ডিলারদের পক্ষ থেকে সার্বিক সমস্যার কথা জানানো হয়। তবে জেলা প্রশাসক তাঁদের রোজার মাসের বরাদ্দ পণ্য তুলতে নির্দেশ নিয়েছেন।
টিসিবির খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপ-উর্ধ্বতন কার্যনির্বাহী মো. বজলুর রশীদ রোববার প্রথম আলোকে জানান, টিসিবির পণ্য নিম্নমানের—এ ঢালাও অভিযোগ সঠিক নয়। বাজারের তুলনায় দামও কম। প্রতি কেজি চিনি ৩৯ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, খেজুর ৭০ টাকা, ছোলা ৪৪ টাকা এবং সয়াবিন তেল দুই লিটারের বোতল ১০৭ টাকা লিটার দরে ও পাঁচ কেজির বোতল ১০৬ টাকা লিটার দরে বিক্রির জন্য বলা হয়েছে। ডিলারদেরও প্রতি কেজি/ লিটার পণ্যে ডিলারদের সাড়ে চার টাকা হারে কমিশন দেওয়া হয়েছে।